Wednesday, November 18, 2026
সুনামগঞ্জে বিনাধান-২৮ এর মাঠ দিবস ও নবান্ন উৎসব পালিত
16, Nov 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

মো. জুলফিকাল আলী:সুনামগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের আয়োজনে উচ্চ ফলনশীল ও সুগন্ধি জাত ‘বিনাধান-২৮’ এর মাঠ দিবস এবং পহেলা অগ্রহায়ণ উপলক্ষে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ নভেম্বর ২০২৬, সোমবার বিনা উপকেন্দ্র, সুনামগঞ্জ এর মাঠে দিবস ও নবান্ন উৎসব পালিত হয়। বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. উমর ফারুক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘বিনাধান-২৮’ জাতের উদ্ভাবক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। তিনি বলেন, বিনাধান-২৮ আমন মৌসুমের জন্য উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল, সুগন্ধি ও মাঝারি চিকন চালের জাত। প্রচলিত সুগন্ধি আমন ধানের তুলনায় এ জাতের ফলন হেক্টর প্রতি ১.০ থেকে ১.৫ টন বেশি। গাছের গোছা ঘন এবং প্রতি শীষে ১৮০-২০০টি পুষ্ট দানা থাকে। 

ড. মাহমুদুল হাসান আরও বলেন, এ ধানের ভাত ১৮-২০ ঘণ্টা পর্যন্ত ভালো থাকে এবং সহজে নষ্ট হয় না। চালে অ্যামাইলোজের পরিমাণ ২৭.৪২ শতাংশ থাকায় ভাত ঝরঝরে ও সুস্বাদু হয়। এছাড়া চালে জিংকের পরিমাণ ২৪.৮৩ মি.গ্রা./কেজি থাকায় শিশুদের বুদ্ধিমত্তা বিকাশ ও গর্ভবতী মায়েদের জন্য এটি বিশেষ উপকারী। পুষ্টিগুণ অক্ষুণ্ন রেখে এটি ‘টেবিল রাইস’ হিসেবে জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। দামে তুলনামূলক কম হওয়ায় একে ‘গরীবের পোলাও’ বলা যেতে পারে। খিচুড়ি রান্নার জন্যও এ জাতটি অত্যন্ত উপযোগী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, সুনামগঞ্জ এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও আঞ্চলিক প্রধান মোঃ মুশফিকুছ সালেহীন এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্রজিৎ কুমার দেব।

উক্ত মাঠ দিবসে কৃষকদের বিনাধান-২৮ এর চাষাবাদ পদ্ধতি, উৎপাদন সম্ভাবনা ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এসময় উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে বিনাধান-২৮ এর বীজ বিতরণ করা হয়। পাশাপাশি কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেট এর উদ্যোগে কৃষকদের জন্য কৃষি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং লিফলেট ও চাবির রিং বিতরণ করা হয়। মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft