Friday, September 11, 2026
তানোরে আমন ফসল সুরক্ষা ও আলু চাষে পরিমিত সার ব্যবহারে সচেতনতামূলক কৃষক সমাবেশ
11, Sep 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

মো: আমিনুল ইসলামঃরাজশাহীর তানোর উপজেলার জিওল এলাকায় বিদ্যমান রোপা আমন ফসলে বালাই ব্যবস্থাপনা ও রবি মৌসুমে আলু চাষে পরিমিত সারের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ করা হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তানোরের আয়োজনে কৃষক সমাবেশে ০৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মদ  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন । আরো উপস্থিত ছিলেন ডিএই, রাজশাহীর অতিরিক্ত উপপরিচালক (পিপি) ড. মো: আব্দুল মজিদ, কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মোছা: ফরিদা ইয়াছমিন  ও সংশ্লিষ্ট  উপ-সহকারী কৃষি কর্মকর্তা।

প্রধান অতিথি বলেন, রোপা আমন আমাদের দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ফসল। মাঠে বর্তমানে ধানের বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ দেখা দিতে পারে। তাই জমিতে নিয়মিত পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। কোনো রোগ বা পোকার আক্রমণ দেখা দিলে অনুমান নির্ভরভাবে বা অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে। উপকারী পোকা সংরক্ষণ, আক্রান্ত জমি নিয়মিত পর্যবেক্ষণ, সঠিক সময়ে সঠিক বালাইনাশক প্রয়োগ এবং অনুমোদিত মাত্রা অনুসরণ করলে ফসলের ক্ষতি কমানো সম্ভব। অপ্রয়োজনে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে শুধু উৎপাদন খরচই বাড়ে না, পরিবেশ, মাটি, উপকারী পোকামাকড় এবং মানবস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ে।

 তিনি আরো বলেন, রবি মৌসুমে এ অঞ্চলে আলু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আলুতে ভালো ফলন পাওয়ার জন্য সারের সঠিক ও পরিমিত ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাটি পরীক্ষা ও কৃষি বিভাগের সুপারিশ অনুযায়ী সার ব্যবহার করলে উৎপাদন খরচ কমবে, মাটির উর্বরতা বজায় থাকবে এবং কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে।

পরিশেষে তিনি বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ প্রয়োজনের অতিরিক্ত সার কিনে অযথা মজুদ করে রাখবেন না। রাজশাহীতে কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে। তাই সার নিয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না । প্রয়োজন অনুযায়ী সার কিনুন, সঠিক মাত্রায় ও সুষমভাবে ব্যবহার করুন । কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে । কৃষকের স্বার্থ রক্ষায় কৃষি বিভাগ সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।

কৃষক সমাবেশে যোগ দেয়ার আগে অতিথিদ্বয় উপজেলার বিভিন্ন সার ডিলারের গোডাউন পরিদর্শন করেন।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিসসহ, কৃষক- কৃষাণী, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft