Sunday, November 15, 2026
ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের
13, Nov 2026 | এগ্রিবিজ এন্ড টেক

ডেস্ক রিপোর্ট: ভেজাল ও নকল সার সরবরাহের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে 'সরকার ভেজাল সার সরবরাহ করছে' সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন তথ্যকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে মন্ত্রণালয়। আজ শুক্রবার (১৩ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেজাল ও নকল সারসংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিও পোস্ট মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রচারিত ভিডিওটি গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারে অবস্থিত সার ডিলার প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের হেফাজত থেকে ভেজাল সার জব্দের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।

এ ঘটনায় সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিনই মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল কোর্ট অভিযুক্ত প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করে। একই সঙ্গে ভেজাল সার জব্দ ও ধ্বংস করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে অভিযুক্ত সার ডিলার প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হয়।

কৃষি মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের আগস্ট মাসে তাৎক্ষণিকভাবে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া একটি ঘটনাকে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ওই ঘটনার সঙ্গে সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের কোনো ধরনের অনিয়মকে সম্পৃক্ত করে প্রচার করা সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগারে সারের গুণগত মান যাচাই করা হয়। পাশাপাশি সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি নিশ্চিত করা হয়।

সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো অসত্য, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অসত্য তথ্য প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft