Thursday, November 05, 2026
ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন
05, Nov 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম: জনস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, বন্যপ্রাণী ও পরিবেশ, মৎস্য এবং কৃষি খাতের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসুর ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন।

সভায় নিবন্ধিত ১০১ জন সদস্যের মধ্যে ৮২ জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মতামত ও বিস্তারিত আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সমন্বয়ক (One Health Coordinator) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন।

যুগ্ম সমন্বয়ক (Joint Coordinator) হিসেবে পাঁচটি খাতের প্রতিনিধিরা দায়িত্ব পেয়েছেন। তাঁরা হলেন জনস্বাস্থ্য (Public Health) বিভাগে ডা. মো. সরোয়ার আলম, প্রাণিস্বাস্থ্য (Animal Health) বিভাগে প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বন্যপ্রাণী ও পরিবেশ (Wildlife & Environment) বিভাগে প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, মৎস্য (Fisheries) বিভাগে প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ এবং কৃষি (Agriculture) বিভাগে ড. মো. মনিরুজ্জামান বাদল।

কমিটির সাধারণ সম্পাদক (General Secretary) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ডা. মো. বেলায়েত হোসেন ঢালী। কোষাধ্যক্ষ (Treasurer) হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. এএসএম গোলাম কিবরিয়া এবং অফিস ও যোগাযোগ সম্পাদক (Office & Communication Secretary) হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রফেসর ডা. মো. আব্দুস সাত্তার, প্রফেসর ড. শামসুল মোর্শেদ, ডা. জাকিরুল ফরিদ, ডা. রুমানা রশীদ এবং ডা. মো. মিনহাজুল আলম।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি বিভিন্ন খাতের পেশাজীবী, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ, সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে একটি সমন্বিত কাঠামোর আওতায় বিবেচনা করে ওয়ান হেলথ ধারণার বাস্তবায়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় চট্টগ্রাম অঞ্চলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ্য, ওয়ান হেলথ একটি সমন্বিত ধারণা, যেখানে মানুষ, প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়। এ ধারণার কার্যকর বাস্তবায়নে বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়ান হেলথ বাংলাদেশ, চট্টগ্রাম চ্যাপ্টারের নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft