শেকৃবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান। সেখানে তাঁদের সমাধিতে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, শেকৃবি রিসার্চ সিস্টেমের (সাউরেস) পরিচালক ড. এফ. এম. আমিনুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ আশাবুল হক, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মুহাম্মদ মাহবুব ইসলাম, বেগম সৈয়দুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহমিনা মোস্তারিন, কৃষিতত্ত¡ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহেল বাকী, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম এবং রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করে। স্বাধীনতা পরবর্তী অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ধারাবাহিক অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের প্রেক্ষাপটে দিনটি জাতীয় জীবনে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা করে। পরবর্তী সময়ে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি লাভ করে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সম্মুখসারির সেনানায়ক। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রদান করে তিনি মুক্তিযুদ্ধের সূচনালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে তিনি মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতাপরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তিনি দেশের উন্নয়ন, উৎপাদন, কর্মসংস্থান, জাতীয় ঐক্য ও অর্থনৈতিক স্বনির্ভরতার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়কে নতুন করে স্মরণ করিয়ে দেয়।