সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার সম্প্রতি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এসময় ভিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য সহযোগী হিসেবে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রীর নেতৃত্বে দেশের নতুন অগ্রগতির সূচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম , ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময়কালে আগামী দিনে পারস্পরিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করা হয়।
সাক্ষাৎকালে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষার কেন্দ্র নয়, বরং এটি আমাদের শিল্প, বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতির টেকসই ভিত গড়ে তোলার অন্যতম চালিকাশক্তি। আমাদের বস্ত্র, পাট ও কৃষিভিত্তিক শিল্প খাতের কাঁচামাল উৎপাদনে এবং প্রক্রিয়াজাতকরণে দক্ষ জনবল প্রয়োজন। সিকৃবিকে শিল্পখাতের চাহিদা অনুযায়ী যুগোপযোগী গবেষণা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। সরকারের পক্ষ থেকে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন বা শিল্প-শিক্ষা সংযোগের প্রচেষ্টাকে সব সময় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, সিলেট অঞ্চলের পতিত জমিতে শস্য বহুমুখীকরনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি , পুষ্টি ও সামাজিক ব্যবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্তমান কৃষিবান্ধব গণতান্ত্রিক সরকার কৃষি শিক্ষা ও গবেষণায় সার্বিক সহযোগিতা প্রদান করবে।
সিলেট অঞ্চলের পতিত জমি ব্যবহার করে আধুনিক প্রযুক্তির বিস্তার ও শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি এবং পুষ্টি ও সামাজিক ব্যবস্থার টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।