Monday, August 10, 2026

ডিএলএস-এর মহাপরিচালকের সাথে বাফিটা'র সৌজন্য সাক্ষাৎ, আমদানি জটিলতা দূর করার অনুরোধ

06, Aug 2026 | এগ্রিবিজ এন্ড টেক

এগ্রিলাইফ২৪ ডটকম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব গ্রহণ করায় মোঃ শাহজামান খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা)-এর নেতৃবৃন্দ।

আজ বুধবার (২৪ জুন) সকাল ১১ টায় রাজধানীর খামারবাড়িস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

বাফিটার সভাপতি সুধীর চৌধুরী ও মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন খানের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল এই সাক্ষাৎকারে অংশ নেন। শুভেচ্ছা বিনিময় শেষে দেশের প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন এবং পোল্ট্রি, ডেইরি ও মৎস্য শিল্পের অন্যতম প্রধান উপাদান ‘অ্যানিমেল ফিড ইনগ্রিডিয়েন্টস’ বা ফিড কাঁচামাল আমদানির বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বাফিটার পক্ষ থেকে নতুন মহাপরিচালকের নিকট একটি লিখিত পত্রের মাধ্যমে প্রধান দুটি দাবি ও অনুরোধ জানানো হয়:

লাইসেন্স প্রাপ্তিতে সদস্যপদ বাধ্যতামূলক করা: আমদানি বাণিজ্যে সুষম প্রতিযোগিতা নিশ্চিতকরণ ও ক্যাটাগরি-২ লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বাফিটার সদস্যসহ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সদস্য হওয়া বাধ্যতামূলক করার জন্য অধিদপ্তরের নির্দেশনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। 

এসআরও সংশোধন ও জটিলতা নিরসন: বাফিটার সদস্যদের আমদানিকৃত পশুপুষ্টি উপকরণ ও ভেটেরিনারি ওষুধ স্থল বন্দর কাস্টমস হাউস থেকে খালাসের জটিলতা দূর করতে এবং আগাম কর (AT) সংক্রান্ত ‘এস,আর,ও নং- ১৮১-আইন/২০২৫/৩০৯-মুসক’ (তারিখ: ২৭ মে, ২০২৫ইং)-এর "ক্রমিক নং-২৭" সংশোধনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনায় বাফিটা নেতৃবৃন্দ বলেন, দেশের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খাতের টেকসই উন্নয়নে মানসম্মত ফিড ইনগ্রিডিয়েন্টসের সহজলভ্যতা ও আমদানি প্রক্রিয়া গতিশীল রাখা জরুরি। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন মহাপরিচালকের দক্ষ নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ব্যবসায়ী ও আমদানিকারকদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শাহজামান খান বাফিটা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং দেশের প্রাণিসম্পদ শিল্পের বিকাশে আমদানিকারক ও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। একই সাথে তিনি এই খাতের টেকসই উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উক্ত সৌজন্য সাক্ষাতে বাফিটার কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ, সাধারণ সদস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft