বিশেষ প্রতিনিধি, শরীয়তপুর: জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ZHSUST) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আবাসিক বনাম অনাবাসিক ছাত্রদের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এই প্রতিযোগিতাপূর্ণ ও উৎসবমুখর ম্যাচে অনাবাসিক দলকে ট্রাইবেকারে পরাজিত করে জয়ের মুকুট ছিনিয়ে নেয় আবাসিক ছাত্রদের দল।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে কর্দমাক্ত মাঠে সকাল ১১ টায় উৎসবমুখর পরিবেশে খেলাটি শুরু হয়। প্রথমার্ধ থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে মাঠের পরিবেশ জমজমাট করে তোলে। নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় খেলাটি শেষ পর্যন্ত রোমাঞ্চকর ট্রাইবেকারে গড়ায়। এতে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আবাসিক ছাত্রদের দল। মাঠে রেফারির দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগ এর প্রভাষক হাবিবুল হক ইশা।
খেলা শেষে বিশ্ববিদ্যালয় মাঠে এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. জসিম উদ্দিন বলেন, "পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যকার এ ধরনের প্রীতি ম্যাচ শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে।" তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোঃ আকতারুল ইসলাম, ব্যাবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহীদুর রহমান খাঁন, ছাত্র কল্যাণ উপদেষ্টা জনাব সনেট কুমার সাহা, আইন বিভাগের কো-অর্ডিনেটর ও প্রভোস্ট শাকিলা সুলতানা স্মৃতিসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান টি পরিচালনা করেন ব্যাবসা শিক্ষা অনুষদের প্রভাষক মোঃ তানভীর আহমেদ।
বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক সিয়াম। পুরো আয়োজনজুড়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উপচে পড়া ভিড় এবং উল্লাস ছিল চোখে পড়ার মতো।