Monday, August 10, 2026

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাগত উপাচার্যকে কেআইবি খুলনা শাখার সংবর্ধনা

06, Aug 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

এগ্রিলাইফ২৪ ডটকম:খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়-খুকৃবি এর নবাগত উপাচার্য কৃষিবিদ প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারকে সংবর্ধনা দিয়েছে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি) খুলনা শাখা। ৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে কেআইবি খুলনা জেলা শাখার সভাপতি কৃষিবিদ ড. এস. এম. ফেরদৌস সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনাস্থ কৃষি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার কৃষিবিদগন উপস্থিত ছিলেন। 

সংবর্ধিত অতিথি প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, খুলনাস্থ অগ্রজ ও অনুজ কৃষিবিদদের আন্তরিকতায় আমি খুবই মুগ্ধ। নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সংস্থার সার্বিক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। 

তিনি বলেন, খুকৃবি শিক্ষা কার্যক্রমের পাশাপাশি উপকূলীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের জন্য উপযোগী লাগসই সহজলভ্য প্রযুক্তি উদ্ভাবনে অভিজ্ঞ শিক্ষকদের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আহবান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য দৃশ্যমান কিছু করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পাশাপাশি খুলনা অঞ্চলের সকল পেশার সুধীজনের সহযোগিতার হাত প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. আসাদুজ্জামান সরকারের সহধর্মীনি বিসিএস (শিক্ষা) ক্যাডারে কর্মরত এসোসিয়েট প্রফেসর কৃষিবিদ ড. মাহমুদা হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, ভাইস-চ্যান্সেলর আসাদুজ্জামান একজন দায়িত্বশীল ও কর্মঠ ব্যক্তি। তার দায়িত্বকালীন সময়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মানসহ সামগ্রিক বিষয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে যাতে রুপ নিতে পারে এজন্য সকল কৃষিবিদের প্রতি অনুরোধ জানান।   

সভাপতির বক্তব্যে কৃষিবিদ ড. এস এম ফেরদৌস বলেন, আমরা খুলনার কৃষিবিদবৃন্দ যে আন্তরিকতা ও আনন্দের সঙ্গে মাননীয় উপাচার্যকে সংবর্ধনা জানাতে পারলাম, দায়িত্ব পালন শেষে একই সম্মান ও গর্বের সঙ্গে যেন সফল একজন কৃষিবিদ ভাইস-চ্যান্সেলরকে বিদায় জানাতে পারি। এ জন্য তাঁর সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার পথে যা কিছু প্রয়োজন, স্থানীয় কৃষিবিদ সমাজ সবসময় তাঁর পাশে থাকবে। 

সভায় ভাইস- চ্যান্সেলর আসাদুজ্জামান সরকারকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তার কর্মকান্ড নিয়ে স্মৃতিচারণমুলক বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফে. ড. মোহাম্মদ ফারুক হাসান, খুকৃবি ট্রেজারার প্রফে. ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, কেআইবি খুলনার সাধারণ সম্পাদক ডা. শরিফুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফে. ড. এনামুল কবীর, ড. মো. শফিকুল ইসলাম, ডিএই খুলনার উপপরিচালক মো. নজরুল ইসলাম, বিএআরআই- এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলাম, অবসর প্রাপ্ত চীফ সায়েন্টিফিক অফিসার ড. হারুনর রশীদ, প্রাণিসম্পদের ডা. নজরুল ইসলাম প্রমুখ। 

সংবর্ধনা অনুষ্ঠানটি এক পর্যায়ে কৃষিবিদদের একটি মিলন মেলায় রুপ নেয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেআইবি খুলনার কোষাধ্যক্ষ কৃষিবিদ মো. আব্দুস সামাদ। 

উল্লেখ্য, নবাগত ভাইস চ্যান্সেলর ড. মো. আসাদুজ্জামান সরকার খুকৃবি তে যোগদানের পুর্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft