|
“প্রযুক্তি কেবলই ইঞ্জিন; আর সহায়ক নীতিমালা হলো এর স্টিয়ারিং হুইল এবং জ্বালানি।” |
ড. মোহাম্মদ এরশাদুল হক
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর
গত ছয় দশকে বাংলাদেশের কৃষি খাতে ঘটে গেছে এক নীরব বিপ্লব। আবাদি জমি হ্রাস, গ্রাম থেকে শহরে শ্রমিক স্থানান্তর এবং ভরা মৌসুমে কৃষি শ্রমিকের তীব্র সংকটের মুখে দেশটি সনাতন লাঙল-জোয়ালের চাষাবাদ ছেড়ে দ্রুত যান্ত্রিক ও সেবামুখী কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক তথ্য-উপাত্ত ও নীতি পর্যালোচনায় উঠে এসেছে কীভাবে সময়োপযোগী নীতি সংস্কার, দেশীয় প্রকৌশল উদ্ভাবন এবং ভাড়াভিত্তিক যন্ত্রসেবা বাজার বাংলাদেশের কৃষিকে বদলে দিচ্ছে।
শ্রমিক সংকট ও যান্ত্রিক শক্তির উত্থান
বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণের মূল চালিকাশক্তি হলো অর্থনৈতিক ও জনমিতিক পরিবর্তন। ১৯৬০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের মোট শ্রমশক্তিতে কৃষি শ্রমিকের হার ৯২ শতাংশ থেকে কমে ৩৬ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। গ্রামাঞ্চলের শ্রমিকরা শিল্প ও অকৃষি খাতে ঝুঁকে পড়ায় ধান রোপণ ও কাটার ভরা মৌসুমে তীব্র শ্রমিক সংকট দেখা দেয়। ফলে ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে কৃষি শ্রমিকের প্রকৃত মজুরি ৩০ শতাংশ বৃদ্ধি পায়।
এই শ্রমিক সংকট মোকাবিলা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে যান্ত্রিক শক্তির ব্যবহার ১৯৬০ সালের হেক্টরপ্রতি ০.২৪ কিলোওয়াট থেকে বেড়ে ২০২৫ সালে ৩.৬১ কিলোওয়াটে পৌঁছেছে। বর্তমানে বাংলাদেশে সামগ্রিক কৃষি যান্ত্রিকীকরণের হার ৫২ শতাংশ—যা চীনের (৭৫%) পেছনে থাকলেও প্রতিবেশী ভারত (৪৭%), পাকিস্তান (৩৮%) ও নেপালের (২৪%) চেয়ে এগিয়ে।
১৯৮৮-এর বন্যা, নীতি সংস্কার ও মান নিয়ন্ত্রণে প্রত্যাবর্তন
বাংলাদেশে আনুষ্ঠানিকরুপে কৃষি যান্ত্রিকীকরণের যাত্রা শুরু হয় ১৯৫০-৫১ সালে ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডিরেক্টরেটের মেকানাইজড কাল্টিভেশন অ্যান্ড পাওয়ার পাম্প ইরিগেশন (এমসিপিপি) প্রকল্পের মাধ্যমে। ১৯৬০ থেকে ১৯৬৫ সালের মধ্যে সরকার ২ হাজার ২৩৮টি পাওয়ার পাম্প, ২০০টি ট্রাক্টর ও ১৩ হাজার ৮২৮টি স্প্রেয়ার বিতরণের পাশাপাশি দুটি মেরামত ওয়ার্কশপ স্থাপন করে, যা ষাটের দশকের সবুজ বিপ্লবের হাত ধরে স্থানীয় খুচরা যন্ত্রাংশ শিল্পের ভিত্তি গড়ে দেয়। তবে সবচেয়ে বড় মোড় আসে ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর। ওই বন্যায় বিপুলসংখ্যক হালের গরু-মহিষ মারা গেলে দেশে চাষাবাদের শক্তির তীব্র সংকট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে সরকার ১৯৮৮-৮৯ সালে তিনটি যুগান্তকারী সিদ্ধান্ত নেয়:
· শুল্ক প্রত্যাহার: পাওয়ার টিলার ও অগভীর নলকূপ (এসটিডব্লিউ) আমদানিতে শুল্ক পুরোপুরি মওকুফ করা হয়।
· নিয়ন্ত্রণ শিথিলকরণ: কঠোর মান নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা শিথিল করায় কম দামের চীনা কৃষিযন্ত্রের বাজার উন্মুক্ত হয়।
· একচেটিয়া ব্যবসার অবসান: বিএডিসির আমদানি একাধিপত্য বাতিল করে বেসরকারি খাতকে যন্ত্র আমদানি ও বিপণনের সুযোগ দেওয়া হয়।
এই উদারীকরণের ফলে তাৎক্ষণিকভাবে যন্ত্রের দাম কমে আসে, বোরো ধানের বিপ্লব ঘটে এবং ভাড়াভিত্তিক যন্ত্রসেবা বাজারের (কাস্টম-হায়ারিং) মাধ্যমে বছরে দুই থেকে তিনটি ফসল উৎপাদনের পথ সুগম হয়। তবে মান নিয়ন্ত্রণ শিথিল করার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবও দেখা দেয়—বাংলাদেশ ধীরে ধীরে নিম্নমানের কৃষিযন্ত্রের বাজারে পরিণত হতে থাকে, যা দীর্ঘমেয়াদে চলতে থাকলে কৃষক ও দেশ উভয়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এই বাস্তবতা মূল্যায়ন করে পুনরায় মান নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে সরকার আবারও ‘জাতীয় মান নিয়ন্ত্রণ কমিটি’ এবং এর অধীন ‘কারিগরি সাব-কমিটি’ পুনর্গঠন করে সেগুলোকে কার্যকর করার ব্যবস্থা নিয়েছে, যাতে দেশের বাজারে কেবল মানসম্মত ও টেকসই কৃষিযন্ত্রের প্রসার ঘটে।
সমন্বিত নীতি কাঠামো (২০১৮–২০৩১)
কৃষি যান্ত্রিকীকরণকে টেকসই করতে সরকার সাতটি প্রধান জাতীয় নীতিমালার মধ্যে একটি সমন্বিত কাঠামো তৈরি করেছে, যা উৎপাদন থেকে শুরু করে বিপণন, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিকে একসূত্রে গেঁথেছে:
· জাতীয় কৃষি নীতি ২০১৮: কৃষি শ্রমিক হ্রাসকে (ধারা ১৮) প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে সংগ্রহোত্তর প্রযুক্তি ও বহুমুখী হিমাগার (ধারা ৩.৩.১৫), নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক সেচ ও সাশ্রয়ী যন্ত্র উদ্ভাবন (ধারা ৩.৩.১৭), সংরক্ষণশীল কৃষি (ধারা ১০.৫) ও নির্ভুল কৃষিতে (ধারা ১০.৯) গবেষণার ওপর জোর দিয়েছে।
· জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতি ২০২০: খণ্ডিত জমি, কৃষকের ক্রয়ক্ষমতার অভাব, দুর্বল বিক্রয়োত্তর সেবা, দক্ষ মেকানিকের সংকট ও মান সনদের অভাবের মতো ৯টি প্রতিবন্ধকতা চিহ্নিত করে স্থানীয় সেবাদাতা (এলএসপি) তৈরি, দেশীয় উৎপাদন বৃদ্ধি, মান পরীক্ষা, নারী ও যুবকদের সম্পৃক্ত করা এবং সহজ শর্তে ব্যাংক ঋণ নিশ্চিত করার ৯টি কৌশলগত স্তম্ভ নির্ধারণ করেছে।
· জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি ২০২০: চারা রোপণ, ফসল কাটা ও শুকানোর মতো ধাপে ধীরগতির যান্ত্রিকীকরণ কাটাতে চাহিদাভিত্তিক যন্ত্র সম্প্রসারণ, দেশীয় নির্মাতা ও গ্রামীণ উদ্যোক্তাদের সহায়তা এবং কৃষক পর্যায়ে আর্থিক প্রণোদনা দেওয়ার নির্দেশনা দিয়েছে।
· জাতীয় কৃষি বিপণন নীতি ২০২৩: সংগ্রহোত্তর অপচয় কমাতে আধুনিক ও ডিজিটাল গুদামজাতকরণ, বৈজ্ঞানিক গ্রেডিং ও বালাই দমন, গুদাম রসিদের বিপরীতে ব্যাংক ঋণ, কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এবং কৃষকবান্ধব অনলাইন বিপণন প্ল্যাটফর্ম গড়ে তোলার রূপরেখা দিয়েছে।
· বদ্বীপ পরিকল্পনা ২১০০: অনিয়ন্ত্রিত যান্ত্রিকীকরণে ভূপৃষ্ঠের পানির গুণগত মান রক্ষার সতর্কতার পাশাপাশি টেকসই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সৌর সেচ যন্ত্রের প্রসার এবং নবায়নযোগ্য উৎস থেকে অন্তত ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।
· নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশল (২০২৬–২০৩০): গ্রামীণ ও কৃষি খাতে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরে ডিজেল পাম্পের বদলে সৌর সেচ, কৃষিজমিতে এগ্রি-পিভি (এগ্রিভোল্টেইক), ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, বায়োমাস বর্জ্য থেকে জ্বালানি এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) বিস্তারের পরিকল্পনা নিয়েছে।
· পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬–২০৩১): সরাসরি যন্ত্র কেনায় মালিকানা ভর্তুকির পরিবর্তে সেবাভিত্তিক যান্ত্রিকীকরণ, গ্রামীণ যন্ত্র-উদ্যোক্তা নেটওয়ার্ক, বিশেষায়িত কৃষিযন্ত্র ঋণ, দেশীয় খুচরা যন্ত্রাংশ শিল্প শক্তিশালীকরণ, দেশব্যাপী হিমাগার লজিস্টিকস এবং চতুর্থ শিল্পবিপ্লবের (৪আইআর) প্রযুক্তি ব্যবহারের কৌশলগত মোড় নিয়েছে।
যান্ত্রিকীকরণের অসম চিত্র, বর্তমান মজুত, অর্থায়ন ও ভর্তুকির প্রভাব
দেশে ফসল উৎপাদনের সব ধাপে যান্ত্রিকীকরণ সমানভাবে এগোয়নি। ধান মাড়াইয়ে ৯৭ শতাংশ, জমি চাষে ৯৬ শতাংশ, সেচে ৯৫ শতাংশ এবং শস্য মাড়াইয়ে ৮৯ শতাংশ ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার নিশ্চিত হয়েছে। ফসল কাটায় যন্ত্রের ব্যবহার ২১ শতাংশে পৌঁছালেও আগাছা দমন (৮%), বীজ বপন ও চারা রোপণ (৪%), সংরক্ষণ (৪%) এবং শস্য শুকানো (২%) এখনো প্রায় পুরোপুরি কায়িক শ্রমনির্ভর।
দেশে ব্যবহৃত মোট কৃষিযন্ত্রের বর্তমান মজুত ও উৎসের দিকে তাকালে আমদানি ও দেশীয় উৎপাদনের একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে। মূল চালিকাশক্তি বা ভারী যন্ত্রপাতির মধ্যে দেশে থাকা প্রায় ৩০ লাখ ডিজেল ইঞ্জিন, ৭ লাখ ৮০ হাজার পাওয়ার টিলার, ৬৫ হাজার ট্রাক্টর এবং ৩ হাজার ৫০০ রাইস ট্রান্সপ্লান্টারের ১০০ শতাংশই আমদানিনির্ভর; পাশাপাশি প্রায় ১৩ হাজার ৫০০ কম্বাইন হারভেস্টারের ৯৮ শতাংশই বিদেশ থেকে আমদানি করা হয়। তবে হালকা প্রকৌশল খাত এরই মধ্যে দেশের সিডার, সেচ পাম্প এবং স্প্রেয়ারের ৮০ শতাংশ দেশেই উৎপাদন করছে। আরও আশাব্যঞ্জক বিষয় হলো—হালকা কৃষি সরঞ্জাম ও ফসল কাটার পরবর্তী যন্ত্রপাতিতে বাংলাদেশ ১০০ শতাংশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমানে দেশে সচল থাকা ৪ লাখ ৩০ হাজার শস্য মাড়াইকল (থ্রেশার), ২ লাখ ৭৫ হাজার নিড়ানি যন্ত্র (উইডার), ৬০ হাজার ভুট্টা মাড়াইকল, ৪২ হাজার হাইড্রো-টিলার এবং ৫ হাজার বেড প্লান্টারের সবগুলোই স্থানীয় কারখানায় তৈরি—যা স্থানীয় চাহিদা অনুযায়ী নকশা করা হলে আমাদের দেশীয় ওয়ার্কশপগুলোর সক্ষমতার প্রমাণ দেয়।
তবে কৃষি শুমারির তথ্যে একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য ধরা পড়ে: দেশে জমি চাষ, সেচ ও মাড়াইয়ের ৯০ শতাংশের বেশি কাজ যন্ত্রের মাধ্যমে হলেও ৬ শতাংশেরও কম কৃষি পরিবার ব্যক্তিগতভাবে কোনো যন্ত্রের মালিক। যেহেতু ক্ষুদ্র ও খণ্ডিত জমির কারণে ব্যক্তিগত মালিকানা আর্থিকভাবে লাভজনক নয়, তাই ভাড়াভিত্তিক যন্ত্রসেবা বাজারই (কাস্টম-হায়ারিং) যান্ত্রিকীকরণের প্রকৃত চালিকাশক্তি—যা সরকারের সেবাভিত্তিক মডেলের কৌশলগত পরিবর্তনকে যৌক্তিক প্রমাণ করে। এই পুঁজির বাধা দূর করতে দেশে একটি মিশ্র অর্থায়ন ব্যবস্থা (ব্লেন্ডেড ফাইন্যান্সিং ইকোসিস্টেম) গড়ে উঠেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকি অনুদানের পাশাপাশি কৃষক ও যন্ত্র সেবাদাতারা বাংলাদেশ ব্যাংকের ৭ থেকে ৮ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন স্কিম, সৌর পাম্পের জন্য ইডকলের ৮৫ শতাংশ অনুদান ও সহজ শর্তের ঋণ প্যাকেজ, আমদানিকারকদের কিস্তি সুবিধা (হায়ার-পারচেজ), ব্র্যাক ও পিকেএসএফ-এর মতো এনজিওর ক্ষুদ্রঋণ এবং স্থানীয় প্রস্তুতকারকদের জন্য বাণিজ্যিক ব্যাংকের এসএমই লিজিং সুবিধা পাচ্ছেন।
অন্যদিকে, ২০০৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন ধাপের ভর্তুকি কর্মসূচির প্রথম ধাপে (২০০৫–২০১২) ১১২টি উপজেলায় ৩০ শতাংশ এবং দ্বিতীয় ধাপে (২০১২–২০১৯) ৩০০টি উপজেলায় ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকি দেওয়া হয়। তৃতীয় ধাপে (২০২০–২০২৪) সরকার ৩ হাজার ১০৫ কোটি টাকা ব্যয়ে সারাদেশে ১২ ধরনের যন্ত্রে ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকি দেয়। ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে ডিএই বিতরণকৃত ৩৫ হাজার ৩৪৭টি যন্ত্রের (১ হাজার ৮৯২ কোটি টাকা) বাজেটের ৮৪ দশমিক ১৯ শতাংশই ব্যয় করেছে কম্বাইন হারভেস্টারে। কম্বাইন হারভেস্টারে এই বিশাল বিনিয়োগ কি সফল হয়েছে? তথ্য-প্রমাণ বলছে, অবশ্যই হয়েছে। মূল্যায়নে দেখা গেছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বিশেষ করে আকস্মিক বন্যাপ্রবণ হাওর জেলা—নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে কম্বাইন হারভেস্টার ব্যবহারের ফলে বোরো ধান কাটায় যন্ত্রের ব্যবহার ০ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ১৯ শতাংশে পৌঁছেছে। এতে কৃষকের শ্রমিক খরচ ৩৮ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমেছে, ফলন ৬ থেকে ১৩ শতাংশ বেড়েছে এবং শস্যের অপচয় ৪ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। পাশাপাশি যন্ত্র সেবাদাতারা গড়ে ৪৮ শতাংশ মুনাফা অর্জন করেছেন। তবে একই সময়ে নারী শ্রমিকের কর্মসংস্থান ২ দশমিক ৬ শতাংশ পয়েন্ট কমে যাওয়ায় ভবিষ্যতের নীতিমালায় কৃষি মূল্যশৃঙ্খলে নারীদের জন্য সক্রিয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি হয়ে পড়েছে।
‘মেড ইন বাংলাদেশ’ ও দেশীয় উদ্ভাবন
নেপথ্যে থেকে বাংলাদেশের কৃষিযন্ত্রের বাজার এখন ১ থেকে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১১ হাজার ৫০০ থেকে ১২ হাজার কোটি টাকা) একটি বৃহৎ শিল্পে পরিণত হয়েছে। বগুড়া, যশোর, সিলেট ও ঢাকায় গড়ে ওঠা ২ হাজার ৩০০টির বেশি উৎপাদন ইউনিট—যার মধ্যে ৭০টি ফাউন্ড্রি, ৮০০টি ওয়ার্কশপ ও ১ হাজার ৫০০টি খুচরা যন্ত্রাংশ প্রস্তুতকারক রয়েছে—এবং ২০ হাজার গ্রামীণ মেরামত দোকান মিলে দেশের ৩৮ কোটি ডলারের খুচরা যন্ত্রাংশের বাজারের ৭৭ শতাংশ জোগান দিচ্ছে।
দেশীয় গবেষণা ও উদ্ভাবনে অনন্য সাফল্য দেখিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি):
· বারির ৫৯টি কৃষিযন্ত্র উদ্ভাবন ও জলবায়ু-স্মার্ট প্রযুক্তি: এ পর্যন্ত বারির ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগ বাংলাদেশের মাঠ পর্যায়ের উপযোগী ৫৯টি স্বতন্ত্র কৃষিযন্ত্র উদ্ভাবন করেছে। এর মধ্যে ফসল রোপণ ও পরিচর্যার জন্য বারি সিডার, বেড প্লান্টার ও উইডার; ফসল কাটা ও মাড়াইয়ের জন্য পটেটো হারভেস্টার, মেজ শেলার ও থ্রেসার; মূল্য সংযোজনের জন্য ক্যারট ওয়াশার ও পটেটো চিপস মেকার এবং জলবায়ু-স্মার্ট কৃষির জন্য বারি সোলার পাম্প, অ্যাক্সিয়াল ফ্লো পাম্প, সানফ্লাওয়ার থ্রেসার, মোবাইল মেজ শেলার ও বারি কম্পোস্ট সেপারেটর উল্লেখযোগ্য।
· এফএমডিপি প্রকল্পের মাধ্যমে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি: ‘লাভজনক ফসল উৎপাদনের জন্য কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন (এফএমডিপি)’ প্রকল্পের আওতায় গবেষকরা ৮টি নতুন যন্ত্র উদ্ভাবন, ৮টি বিদ্যমান যন্ত্রের উন্নয়ন এবং জাতীয় প্রতিভা অন্বেষণের মাধ্যমে ২২টি তৃণমূল উদ্ভাবনী ধারণা লালন করেছেন। পাশাপাশি ২ হাজার ৪০০টি মাঠ প্রদর্শনীর মাধ্যমে ৯৬ হাজার অংশগ্রহণকারীকে যুক্ত করা হয়েছে এবং ১ হাজার ২৫০টি সেশনে ২৫ হাজার কৃষক ও যন্ত্র চালকসহ বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মকর্তা ও ১০ ব্যাচ স্থানীয় প্রস্তুতকারককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
· পেঁয়াজ সংরক্ষণে সক্রিয় নীতি ও এয়ার ব্লোয়ার যন্ত্র: সংগ্রহোত্তর পেঁয়াজ পচন রোধে বারি উদ্ভাবিত প্রাথমিক সংস্করণের এয়ার ব্লোয়ার বা বায়ুপ্রবাহ প্রযুক্তি সরকার দ্রুত গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের ১১ দশমিক ৭৭ কোটি টাকার প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের বিনামূল্যে ১৯ হাজার সৌর-সহায়ক এয়ারফ্লো যন্ত্র দেওয়া হয়েছে (প্রতি কৃষকের জন্য ২৮ হাজার টাকা মূল্যের প্যাকেজ), যার মধ্যে ৩ হাজার ৭০০টি ১০৭টি উপজেলায় স্থাপিত হয়েছে এবং আরও ২৩ হাজার যন্ত্র প্রক্রিয়াধীন। প্রতিটি যন্ত্রে ৫ থেকে ৭ টন পেঁয়াজ ৮ থেকে ৯ মাস সংরক্ষণ করা যায়, যাতে পচন হার কমে মাত্র ২ থেকে ৪ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি বারি উদ্ভাবিত পেঁয়াজ ও রসুন কাটার যন্ত্র (ডিটপার) ঘণ্টায় ১ হাজার ৫০ কেজি প্রক্রিয়াজাত করতে পারে, যা ২ শতাংশের কম ক্ষতিতে শ্রমিক খরচ ৬০ থেকে ৭০ শতাংশ কমায়।
· ব্রির এসএফএমআরএ প্রকল্প: ব্রির এই প্রকল্পের আওতায় ৫৪টি ধান চাষের যন্ত্র উদ্ভাবন, ৬ হাজার ৯১০ জন টেকনিশিয়ান ও ওয়ার্কশপ কর্মী প্রশিক্ষণ, ৯টি যান্ত্রিকীকরণ গ্রাম প্রতিষ্ঠা, ১৬টি যন্ত্র প্রস্তুতকারক ও ৬০টি খুচরা যন্ত্রাংশ কারখানাকে আধুনিকায়ন এবং ইঞ্জিন, হাইড্রোস্ট্যাটিক ট্রান্সমিশন ও গিয়ারবক্স আমদানিতে কর ছাড় দেওয়ায় দেশীয় শিল্প শক্তিশালী হচ্ছে।
আগামীর পথ: এগ্রিভোল্টেইক, ড্রোন প্রযুক্তি ও সংরক্ষণশীল কৃষি
খণ্ডিত জমি, মৌসুমি ঋণের অভাব ও কর্দমাক্ত গ্রামীণ রাস্তার বাধা পেরিয়ে আগামীর কৃষিকে স্মার্ট করতে তিনটি খাতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সীমিত আবাদি জমির সর্বোচ্চ ব্যবহারে এগ্রিভোল্টেইক (এগ্রি-পিভি) প্রযুক্তি অত্যন্ত সম্ভাবনাময়—যেখানে একই জমিতে ফসল চাষের পাশাপাশি ওপরে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, যা সেচ ব্যয় কমিয়ে কৃষকের বাড়তি আয় নিশ্চিত করবে। পাশাপাশি গাজীপুরে বারির সংরক্ষণশীল কৃষি পার্কে সৌর পাম্প ও ভূগর্ভস্থ পাইপ সেচের সঙ্গে বিনা চাষে চাষাবাদে ফলন বেড়েছে। অন্যদিকে ১৫ মিটার উঁচু লিচু ও কাঁঠাল গাছে নিরাপদে বালাইনাশক ছিটানোয় কৃষি ড্রোন সফল হওয়ায় এর বাণিজ্যিক প্রসারে সুনির্দিষ্ট কৃষি ড্রোন নীতিমালা, এগ্রিভোল্টেইক সহায়ক নীতি ও ওয়ান-স্টপ সেবা নেটওয়ার্ক গড়ে তোলা এখন সময়ের দাবি।
কৃষি যান্ত্রিকীকরণকে টেকসই ও প্রান্তিক কৃষকবান্ধব করতে পরিবহন খাতের মতো একটি সমন্বিত রেন্টাল সার্ভিস বা ভাড়াভিত্তিক সেবা ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। আমাদের দেশে যেমন সরকারি বিআরটিসির পাশাপাশি বেসরকারি বাস ও ট্রাক সার্ভিস সমান্তরালভাবে জনগণকে সেবা দিচ্ছে, তেমনি কৃষিযন্ত্রের ক্ষেত্রেও সরকারি ও বেসরকারি রেন্টাল সার্ভিস চালু করা জরুরি। সরকারি পর্যায়ে একটি নির্ধারিত ভাড়ার হার থাকলে বেসরকারি যন্ত্রমালিকরা সিন্ডিকেট বা অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না; ফলে প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্যে সময়মতো যন্ত্রের সেবা পাবেন।
তবে রেন্টাল সার্ভিস চালুর পাশাপাশি সরকারি ভর্তুকি কার্যক্রমও অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। এর প্রধান কারণ হলো—কম্বাইন হারভেস্টার বা রাইস ট্রান্সপ্লান্টারের মতো ভারী যন্ত্রের দাম অত্যন্ত বেশি, যা ভর্তুকি ছাড়া সাধারণ উদ্যোক্তা বা কৃষকদের ক্রয়ক্ষমতার বাইরে। তাছাড়া ভর্তুকি চালু থাকলে বেসরকারি উদ্যোক্তারা নতুন যন্ত্র কিনতে উৎসাহিত হন, যা বাজারে যন্ত্রের জোগান বাড়িয়ে ভাড়া নিয়ন্ত্রণে রাখে এবং ভরা মৌসুমে শ্রমিক সংকট মোকাবিলা করে জাতীয় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করে।
ভর্তুকি কার্যক্রমে অতীতে কিছু অনিয়মের অভিযোগ উঠলেও তা পুরোপুরি বন্ধ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। ফুটবল খেলার মাঠে কোনো খেলোয়াড় ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন, কিন্তু পুরো খেলাটি কখনোই বন্ধ করে দেওয়া হয় না। ঠিক তেমনি, কৃষিযন্ত্রের ভর্তুকিতে কেউ অনিয়ম করলে কঠোর নজরদারি ও স্বচ্ছতার মাধ্যমে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে, কিন্তু কৃষকের স্বার্থে ও দেশের খাদ্য উৎপাদনের গতি ধরে রাখতে ভর্তুকি কার্যক্রমকে অবশ্যই চলমান রাখতে হবে।
সবশেষে বলা যায়, বাংলাদেশের কৃষির রূপান্তরে “প্রযুক্তি কেবলই ইঞ্জিন; আর সহায়ক নীতিমালা হলো এর স্টিয়ারিং হুইল এবং জ্বালানি।” কেবল আধুনিক যন্ত্রপাতি আমদানি বা ভর্তুকি দিয়ে টেকসই সাফল্য আসবে না; বরং মান নিয়ন্ত্রণ, ভাড়াভিত্তিক সেবা নেটওয়ার্ক, দেশীয় কারখানার সক্ষমতা বৃদ্ধি এবং সময়োপযোগী নীতিনির্ধারণের সমন্বয়ই আমাদের ভবিষ্যৎ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পারে।
|
বক্স-আইটেম: একনজরে বাংলাদেশের কৃষি যান্ত্রিকীকরণ শ্রমশক্তি ও যান্ত্রিক শক্তির রূপান্তর (১৯৬০–২০২৫) · কৃষি শ্রমিকের হার হ্রাস: ৯২% (১৯৬০) থেকে কমে ৩৬.৬% (২০২৫)। · প্রকৃত মজুরি বৃদ্ধি: ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে বেড়েছে ৩০%। · যান্ত্রিক শক্তির ব্যবহার: হেক্টরপ্রতি ০.২৪ কিলোওয়াট (১৯৬০) থেকে বেড়ে ৩.৬১ কিলোওয়াট (২০২৫)। · আঞ্চলিক অবস্থান: সামগ্রিক যান্ত্রিকীকরণে বাংলাদেশ ৫২%—চীনের (৭৫%) পেছনে থাকলেও ভারত (৪৭%), পাকিস্তান (৩৮%) ও নেপালের (২৪%) চেয়ে এগিয়ে। ফসল উৎপাদনের ধাপে যন্ত্রের ব্যবহার · এগিয়ে থাকা খাত: ধান মাড়াই (৯৭%), জমি চাষ (৯৬%), সেচ (৯৫%) ও শস্য মাড়াই (৮৯%)। · পিছিয়ে থাকা খাত: ফসল কাটা (২১%), আগাছা দমন (৮%), বীজ বপন ও চারা রোপণ (৪%), সংরক্ষণ (৪%) এবং শস্য শুকানো (২%)। দেশীয় বাজার ও ‘মেড ইন বাংলাদেশ’ সক্ষমতা · মোট বাজারের আকার: ১ থেকে ১.২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১১,৫০০–১২,০০০ কোটি টাকা)। · খুচরা যন্ত্রাংশের জোগান: ২,৩০০+ উৎপাদন ইউনিট ও ২০,০০০ গ্রামীণ মেরামত দোকান দেশের ৩৮ কোটি ডলারের খুচরা যন্ত্রাংশের ৭৭% সরবরাহ করে। · ১০০% দেশীয় উৎপাদন: দেশে সচল ৪.৩০ লাখ থ্রেশার, ২.৭৫ লাখ উইডার, ৬০ হাজার ভুট্টা মাড়াইকল, ৪২ হাজার হাইড্রো-টিলার ও ৫ হাজার বেড প্লান্টারের সবগুলোই দেশে তৈরি। · ১০০% আমদানিনির্ভর: ৩০ লাখ ডিজেল ইঞ্জিন, ৭.৮০ লাখ পাওয়ার টিলার, ৬৫ হাজার ট্রাক্টর ও ৩,৫০০ রাইস ট্রান্সপ্লান্টার (কম্বাইন হারভেস্টার ৯৮% আমদানিনির্ভর)। মালিকানা বনাম ভাড়াভিত্তিক সেবা (কাস্টম-হায়ারিং) · মালিকানার চিত্র: ৫০-৯০%-এর বেশি কাজ যন্ত্রে হলেও ৬%-এর কম কৃষি পরিবার ব্যক্তিগতভাবে যন্ত্রের মালিক; ফলে ভাড়াভিত্তিক সেবাই যান্ত্রিকীকরণের মূল চালিকাশক্তি। · কম্বাইন হারভেস্টারের সাফল্য (২০২০–২০২৩): হাওর ও বোরো ধান কাটায় যন্ত্রের ব্যবহার ০.৯% থেকে বেড়ে ১৯%; শ্রমিক খরচ কমেছে ৩৮–৭০%, ফলন বেড়েছে ৬–১৩%, অপচয় কমেছে ৪.৫% এবং সেবাদাতাদের গড় মুনাফা ৪৮%। গবেষণা, উদ্ভাবন ও নীতি সংস্কার · বারি ও ব্রির অবদান: বারি উদ্ভাবন করেছে ৫৯টি এবং ব্রি উদ্ভাবন করেছে ৫৪টি কৃষিযন্ত্র। · স্মার্ট পেঁয়াজ সংরক্ষণ: ১৯,০০০ বিনামূল্যের বারি পেয়াজ সংরক্ষণ যন্ত্রের আগাম সংস্করণ ”এয়ারফ্লো যন্ত্র” বিতরণ (২৩,০০০ প্রক্রিয়াধীন)—যা ৮–৯ মাসে পচন হার ২–৪%-এ নামিয়ে এনেছে। · মান নিয়ন্ত্রণে প্রত্যাবর্তন: নিম্নমানের যন্ত্র ঠেকাতে ২০২৫ সালে ‘জাতীয় মান নিয়ন্ত্রণ কমিটি’ ও ‘কারিগরি সাব-কমিটি’ পুনর্গঠন। · আগামীর লক্ষ্য (২০২৬–২০৩১): সরাসরি যন্ত্র কেনায় ভর্তুকির বদলে সেবাভিত্তিক যান্ত্রিকীকরণ, এগ্রিভোল্টেইক সৌরবিদ্যুৎ ও কৃষি ড্রোন নীতিমালা প্রণয়ন। |