Sunday, September 20, 2026
মালয়েশিয়া, জাপানসহ চার দেশে ইন্টার্নশিপে বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা
19, Sep 2026 | কৃষিবিদ ও ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৬০তম ব্যাচের ১৭৯ শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৫ জন শিক্ষার্থী মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান ও নেপালের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছেন। অন্য শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছেন।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ডিভিএম ৬০তম ব্যাচের ২৩তম ইন্টার্নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এবার বিদেশে ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মালয়েশিয়ায় ১৬ জন, থাইল্যান্ডে ১২ জন, জাপানে চারজন এবং নেপালে তিনজন রয়েছেন। একই অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ডিভিএম ৫৯তম ব্যাচের সেরা ফলাফল অর্জনকারী আট শিক্ষার্থীকে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন নুরুন লায়লা শাওন, মোছা. সাবরিনা ইয়াসমিন নুপুর, মোছা. ফাহমিদা সুলতানা জোনাকি, আফসানা মিমি, মোছা. আখি আক্তার শিলা, নওরিন জান্নাত, মো. মোরসালিন ও মোছা. সালমা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। সভাপতিত্ব করেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন,জনগণের অর্থে অর্জিত জ্ঞান এখন কাজে লাগানোর সময়। কীভাবে কৃষক ও খামারিদের সেবা দেওয়া যায় এবং নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা যায়, সেদিকে তোমাদের সচেতন থাকতে হবে। সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের নানা সীমাবদ্ধতা রয়েছে, তবে বিদ্যমান সুযোগগুলোকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা ইন্টার্নশিপের এই সময়টুকু যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদে ইন্টার্নশিপ কার্যক্রম চালু হওয়া আনন্দের বিষয়। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) একটি সম্মানজনক ও চ্যালেঞ্জিং ডিগ্রি এবং ভেটেরিনারি সায়েন্স অনুষদ বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরবময় অনুষদ। ইন্টার্নশিপে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় উদ্যোগ নেবে। বিদেশে ইন্টার্নশিপে গিয়ে শিক্ষার্থীদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। তিনি ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ শেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, উন্নত দেশগুলোতে মেধাবী শিক্ষার্থীরা ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করে। বাকৃবির শিক্ষার্থীদের ইন্টার্নশিপে অংশগ্রহণে তিনি গর্ববোধ করেন। ঢাকার বাইরে অবস্থানের কারণে বাকৃবি অনেক সময় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে শিক্ষা, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। সরকার আগামী পাঁচ বছরে প্রতিবছর এক লাখ করে মোট পাঁচ লাখ শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনার পরিকল্পনা করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধান ও যোগাযোগ দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে। জীবনে সফলতার জন্য পরিশ্রম ও সঠিক পরিকল্পনার বিকল্প নেই ।

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft