এগ্রিলাইফ২৪ ডটকম:মুন্সীগঞ্জ সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় সরিষা চাষে উৎসাহিত করতে প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ১৮০ জন কৃষক এ প্রণোদন কর্মসূচির আওতায় রয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ প্রণোদনার মাধ্যমে সরিষার আবাদ বাড়ার পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমবে। একই সঙ্গে অনাবাদি জমি চাষের আওতায় এনে কৃষি উৎপাদন বৃদ্ধিতেও কর্মসূচিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।