Saturday, September 19, 2026
নিরাপদ প্রোটিন উৎপাদনে প্রিসিশন নিউট্রিশন ও আধুনিক প্রযুক্তির ওপর জোর: ঢাকায় যৌথ সেমিনার অনুষ্ঠিত
19, Sep 2026 | ফারমার্স এন্ড ফার্মিং

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের ক্রমবর্ধমান প্রোটিনের চাহিদা পূরণ এবং টেকসই ও সাশ্রয়ী মৎস্য ও পশু  খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে আজ রাজধানীর একটি হোটেলে এই বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফিড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশ (FIAB) এবং ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (USSEC)-এর যৌথ উদ্যোগে "Feed for Growth: Supporting Bangladesh's Protein Demand" শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারে দেশের পোল্ট্রি, লাইভস্টক ও অ্যাকুয়াকালচার খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, দেশি-বিদেশি পুষ্টিবিদ, গবেষক এবং নীতি নির্ধারকগণ অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, “একটি সুস্থ ও মেধাভিত্তিক জাতি গঠনে প্রাণিজ প্রোটিনের ভূমিকা অপরিসীম। তবে নিরাপদ ও মানসম্মত প্রোটিন উৎপাদনের মূল ভিত্তি হলো মানসম্মত ফিড। খাদ্যের উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে প্রোটিন সরবরাহ সুনিশ্চিত করতে আমাদের সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে ‘প্রিসিশন নিউট্রিশন’ (Precision Nutrition) ও আধুনিক প্রযুক্তির দিকে জোর দিতে হবে।” 

বিশেষ অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান বলেন, “পোল্ট্রি ও লাইভস্টক খাতের মোট উৎপাদন খরচের প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশই ব্যয় হয় ফিডে। বিজ্ঞানসম্মত ও আধুনিক ফিড ব্যবস্থাপনার মাধ্যমে এফসিআর (FCR) উন্নত করতে পারলে খামারিরা সরাসরি উপকৃত হবেন।” তিনি আরও জানান, প্রাণিসম্পদ অধিদপ্তর ফিডের গুণগত মান নিশ্চিত করা এবং ক্ষতিকর অ্যান্টিবায়োটিক মুক্ত নিরাপদ প্রোটিন উৎপাদনে কঠোরভাবে কাজ করে যাচ্ছে। 

এর আগে সেমিনারের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন FIAB-এর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক। তিনি বলেন, “বিশ্ববাজারের পরিবর্তিত পরিস্থিতি ও কাঁচামালের দামের ওঠানামার মুখে আমাদের ইন্ডাস্ট্রিকে আরও প্রযুক্তিনির্ভর ও দক্ষ হতে হবে। প্রিসিশন ফর্মুলেশন ও উন্নত কাঁচামালের সঠিক ব্যবহার নিয়ে আলোচনার লক্ষ্যেই এই আয়োজন।” অনুষ্ঠানে সয়াবিন ও প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন USSEC-এর বাংলাদেশ মার্কেট লিড খাবিবুর রহমান,  ইস্ট এশিয়া অ্যাকুয়াকালচার লিড লুকাস মানোমাইটিস, জনাব ঝু এনহুয়া (জো) এবং জনাব সিয়াং পিন ল্যান শান। 

সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ালিটি ফিডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এহতেশাম বি. শাহজাহান। দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ শফিকুর রহমান শিশির, এগ্রো সল্যুশনের অ্যাকুয়াটিক এনিম্যাল নিউট্রিশন কনসালটেন্ট অং থোয়েন এ এবং বাংলা-ইউকে এগ্রো প্রোডাক্টস লিমিটেডের সিইও মোঃ জাহিদুল ইসলাম পোল্ট্রি ও মৎস্য খাদ্যের আধুনিক ফর্মুলেশন, খরচ সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থা এবং টেকসই পুষ্টি ব্যবস্থাপনা বিষয়ে টেকনিক্যাল পেপার উপস্থাপন করেন। 

সেমিনারটির সমাপ্তি টেনে সমাপনী বক্তব্য প্রদান করেন এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই সেমিনারের কারিগরি দিকনির্দেশনা ও নীতিগত পরামর্শগুলো বাংলাদেশের ফিড সেক্টরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। 

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft