এগ্রিলাইফ ডেস্ক: বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আরডিএর প্রদর্শনী খামারে ন্যানো ফার্টিলাইজার গবেষণার আমন মৌসুমের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উইগ্রো টেকনোলজিস লিমিটেডের সহযোগিতায় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানো ল্যাবের উদ্ভাবিত প্রযুক্তির সমন্বয়ে এই গবেষণা পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব মো. মাহফুজ আলম, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহমুদুল হাসান এবং শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ফারজানা আক্তার।
গবেষণার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করেন আরডিএর উপপরিচালক ও প্রধান গবেষক ড. নূর মোহাম্মদ। এ ছাড়া উপস্থিত ছিলেন আরডিএর পরিচালক জনাব মো. খালিদ আওরঙ্গজেব, যুগ্ম পরিচালক জনাব মোছা. রেবেকা সুলতানা, উপপরিচালক ড. মনিরুল ইসলাম, উইগ্রো টেকনোলজিস লিমিটেডের হেড অব মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড আউটপুট বিজনেস মো. রবিউল হাসান এবং যবিপ্রবির প্রতিনিধি আশিকুর রহমান। অনুষ্ঠানে আরডিএ’র অনুষদ সদস্যবৃন্দ ও সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুল মজিদ প্রামানিক বলেন, আমন মৌসুমে কৃষক পর্যায়ে ন্যানো ফার্টিলাইজারের সম্ভাবনা যাচাইয়ে এই মাঠ গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিজ্ঞানীদের যৌথ পর্যবেক্ষণ গবেষণাটিকে আরও গ্রহণযোগ্য করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরডিএ সূত্রে জানা গেছে, একাডেমির প্রদর্শনী খামারে ব্রি ধান-১০৩ জাতের ওপর র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন (আরসিবিডি) পদ্ধতিতে ১২টি প্লটে গবেষণাটি পরিচালনা করা হয়েছে। এতে তরল ন্যানো ইউরিয়া ও ন্যানো এনপিকে পানির সঙ্গে মিশিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে সরাসরি ধানগাছের পাতায় প্রয়োগ করা হয়।