Tuesday, November 24, 2026
প্রাণিসম্পদ গবেষণায় জাতীয় পদক পাচ্ছেন সিভাসু’র অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবির
24, Nov 2026 | গবেষণা ও ফিচার

সিভাসু প্রতিনিধি:ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবনের জন্য জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবির। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর ২০২৬ ঢাকার আগারগাঁও এ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ প্রদান করার কথা রয়েছে। 

বাংলাদেশে ছানা ও পনির উৎপাদনের পর বিপুল পরিমাণ ছানার পানি বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়, যা পরিবেশ দূষণ ও মূল্যবান সম্পদের অপচয় ঘটায়। অথচ এই ছানার পানিতে ল্যাকটোজ, উচ্চমানের প্রোটিন, সামান্য চর্বিসহ বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান থাকে। এ সমস্যা সমাধানে অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুন কবিরের নেতৃত্বে গবেষকেরা ‘দুগ্ধ উপজাত (ছানার পানি) পুনর্মূল্যায়ন প্রযুক্তি’ উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ গাঁজনকৃত পানীয় তৈরি করা হয়েছে। 

অধ্যাপক হুমায়ুন কবিরের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৭-৮মিলিয়ন টন ছানার পানি উৎপন্ন হয়। এর একটি উল্লেখযোগ্য অংশ যথাযথভাবে ব্যবহার না হওয়ায় পরিবেশ দূষণ ও পুষ্টির অপচায় ঘটায়। তাঁর গবেষণা শুধু পানীয় উদ্ভাবনেই সীমাবদ্ধ নয়; ছানার পানির বহুমুখী ব্যবহার ও মূল্য সংযোজনের লক্ষ্যে তাঁর নেতৃত্বে আনারস ও পেঁপের প্রাকৃতিক এনজাইম ব্যবহার করে রিকোটা-ধরনের পনির তৈরির গবেষণাও পরিচালিত হচ্ছে। এতে ছানার পানির পাশাপাশি আনারসের ফেলে দেওয়া অংশের কার্যকর ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।    

গবেষণাটি ২০২৫ সালে একটি স্বীকৃত বৈজ্ঞানিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়। উদ্ভাবনটি বাংলাদেশ ইনোভেশন ফেয়ার  ২০২৬-এও উপস্থাপিত হয়েছে। এ গবেষণা নিয়ে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে একাধিক সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে এ প্রযুক্তির ওপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার ২০০ জনের বেশি খামারি ও উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র পরিসরে উদ্যোক্তা পর্যায়ে পানীয়টির উৎপাদন শুরু হয়েছে।

২৫ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণায় যুক্ত অধ্যাপক হুমায়ুন কবিরের ৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাঁর একক-লেখক গ্রন্থ ‘মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস: নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং’ ২০২৪ সালে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সিআরসি প্রেস থেকে প্রকাশিত হয়। বইটি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ায় উচ্চশিক্ষার পাঠদানে ব্যবহৃত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে একাডেমিক মহলে পরিচিতি পেয়েছে।  গুগল অনুসন্ধানে বইটি দুগ্ধবিজ্ঞান বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে উঠে আসার বিষয়েও সংবাদ প্রকাশিত হয়েছে।

তাঁর এই অর্জন প্রসঙ্গে সিভাসু’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, ‘এ অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সমুন্নত করবে।’      

Agrilife24 Logo

Agriculturist Md. Shafiul Azam, Editor & CEO
Dhaka Office: 141/4, Lake Circus, Kalabagan, Dhanmondi, Dhaka-1205.
Bogura Office: Hakim Son's House, Seujgari, Bogura-5800.
Email: info@agrilife24.com, editor@agrilife24.com, news@agrilife24.com
Contact: +880 2-48112812, Whatsapp: +880 1912-837-999

Social Share

© Agrilife24 . All Rights Reserved. Developed by Innovative Soft