মো. এমদাদুল হক:গত ২৩ নভেম্বর ২০২৬ কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ এবং কৃষি ব্যবসার সঙ্গে বাজারের কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে রাজশাহীতে দুই দিনব্যাপী ‘সাব-ন্যাশনাল ট্রেনিং অন এগ্রিবিজনেস লিংকেজ’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ ২৩ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের বিসিআরএল প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর (এনপিডি) ও পরিচালক মিস রাজিনারা বেগম।
পরিবেশ অধিদপ্তরের ‘Building Climate Resilient Livelihoods in Vulnerable Landscapes in Bangladesh (BCRL)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণের প্রথম দিনে ভ্যালু চেইন ম্যাপিং ও বিশ্লেষণ, কৃষি অর্থনীতি ও ব্যবসায়িক কৌশল, কৃষিপণ্যের বাজার ও ভোক্তার আচরণ সম্পর্কে ধারণা, আর্থিক ব্যবস্থাপনা এবং কৃষি ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিসিআরএল প্রকল্পের কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের দ্বিতীয় দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। এতে কৃষি ব্যবসা ও গ্রামীণ বাজারব্যবস্থার পরিচিতি, বিপণন ব্যবস্থাপনা ও বাজার সংযোগ কৌশল, কৃষি ব্যবসায় স্থায়িত্বশীলতা, জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তি বিষয় ছাড়াও বিভিন্ন কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়।