সিভাসু প্রতিনিধি:‘ওয়ার্ল্ড ওয়ান হেল্থ ডে-২০২৬’ বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর ওয়ান হেল্থ ইনস্টিটিউটের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘ওয়ার্ল্ড ওয়ান হেল্থ ডে-২০২৬’ এর এবারের মূল প্রতিপাদ্য হলো ‘Act together for One Health’।
এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে অনুষদীয় ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
ওয়ান হেল্থ ইনস্টিটিউটের উদ্যোগে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে-ওয়ান হেল্থ র্যালি, মূল প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা, বৈজ্ঞানিক অধিবেশন, ওয়ান হেল্থ ল্যাবরেটরি উদ্বোধন, নিউজলেটারের মোড়ক উন্মোচন, ওয়ান হেল্থ চট্টগ্রাম চ্যাপ্টার ঘোষণা, থ্যালাসেমিয়া সচেতনতা ও পরীক্ষা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন ও ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী।
এসব কর্মসূচি আয়োজনে সহযোগিতা করছে ওয়ান হেল্থ ইয়াং ভয়েস, বাংলাদেশ (ওএইচওয়াইভি,বি), প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি, এনডিএফ চট্টগ্রাম জোন, বায়োটেড, সিভাসু এমপিএইচ অ্যালামনাই, সিভাসু ইপি অ্যালামনাই, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ওয়ান হেল্থ বাংলাদেশ।
৩০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বাছাইপর্ব। ৩১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ০২ নভেম্বর সোমবার পালন করা হবে এনভায়রনমেন্ট ক্লিন-আপ ডে।
০৩ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে ‘ওয়ার্ল্ড ওয়ান হেল্থ ডে-২০২৬’ এর অন্যান্য কর্মসূচি। কর্মসূচিসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী। সভাপতিত্ব করবেন ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক।