নিঃস্ব থেকে সমৃদ্ধ হয়েও যেন ভুলে না যাই ইয়াতিম-দুঃস্থদের অধিকার

Category: ইসলাম ও জীবন Written by Shafiul Azam

ইসলামিক ডেস্ক: পবিত্র কোরআনের সূরা আদ-দুহার ৮ থেকে ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানবজাতিকে এক অনন্য দিকনির্দেশনা দিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, মানুষকে প্রথমে পাওয়া হয়েছে নিঃস্ব অবস্থায়, অতঃপর তাকে সমৃদ্ধ করা হয়েছে। এই সমৃদ্ধির পর কর্তব্য হচ্ছে ইয়াতিমের প্রতি কঠোর না হওয়া, সাহায্যপ্রার্থীকে তিরস্কার না করা এবং রবের দেয়া নেয়ামত কাজ, কথা ও আচরণের মাধ্যমে বর্ণনা করা।

অর্থাৎ, আল্লাহ যখন কাউকে সম্পদ ও সামর্থ্য দান করেন, তখন তার উচিত ইয়াতিমদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়া, কোনো সাহায্যপ্রার্থীকে অভাবী দেখে তুচ্ছ-তিরস্কার না করা এবং আল্লাহর অনুগ্রহকে কেবল মুখে নয়, বরং বাস্তব কর্মের মাধ্যমে প্রকাশ করা। আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, অভাবী ব্যক্তি সাহায্য চাইলে তাকে উপেক্ষা করা হয় বা কটু কথা শোনানো হয়, আবার ইয়াতিম শিশুরা অনেক সময় কঠোর ব্যবহারের শিকার হয়।
অথচ ইসলামের এই নির্দেশনা স্পষ্ট যিনি একদিন নিঃস্ব ছিলেন, আজ তিনি যদি সমৃদ্ধ হন, তাহলে তার উচিত নিজের অতীত স্মরণ করে ইয়াতিম ও সাহায্যপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ করা।

সুতরাং আসুন, আমরা প্রত্যেকে আমাদের কাজকর্ম ও আচরণের মাধ্যমে ইয়াতিমদের পাশে দাঁড়াই, সাহায্যপ্রার্থীকে ভালোবাসা ও সম্মানের সাথে গ্রহণ করি এবং আল্লাহর দেয়া নেয়ামতকে দান-সদকা, সেবা ও সহমর্মিতার মাধ্যমে বর্ণনা করি। মহান রাব্বুল আলামিন আমাদের অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন।