রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার অভিযান জোরদারের দাবি

Category: ফোকাস Written by Shafiul Azam

সায়মন ইসলামঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখার দাবিতে এবং ঢাকার মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিতে ব্যবসায়ীদের বাধাদানের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ মিছিল ও স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ানের নেতৃত্বে বাজার তদারকি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, দুপুর ১টা ৩০ মিনিটে নগরের রেয়াজউদ্দীন বাজারের তিনপুলের মাথা থেকে এ প্রতিবাদ মিছিল ও বাজার ভিত্তিক প্রচারণঅ কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৯ আসন এর মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান (এমপি) বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ন্যায্যতার শিক্ষার মাস হলেও কিছু অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে বাজারে অতিমুনাফা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ ভোক্তাদের জীবন জীবিকা দুর্বীসহ করে তুলেন। তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি জোরদার করতে হবে এবং মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি ঢাকার মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিতে বাধা প্রদানের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব পালনে বাধা দেওয়া ভোক্তার অধিকারকে অস্বীকার করার শামিল। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাপনী বক্তব্যে এস এম নাজের হোসাইন বলেন, রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। বাজারে কার্যকর তদারকি, স্বচ্ছ মূল্যতালিকা প্রদর্শন, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া ভোক্তা সুরক্ষা সম্ভব নয়।

তিনি বলেন, ঢাকার মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিতে বাধা প্রদানের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং আইনের শাসনের পরিপন্থী। ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে আইন প্রয়োগে কোনো ধরনের আপস করা যাবে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নিত্যপণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ, মজুতদারি ও সিন্ডিকেট কার্যক্রম বন্ধ, বাজার তদারকি জোরদার এবং ভোক্তা অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় প্রচারনা ও বাজার তদরকি কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, চান্দগাও থানা সভাপতি মোঃ জানে আলম, পাচলাইশ থানা সভাপতি সায়মা হক, উত্তর জেলা নেত্রী লায়লা ইয়াছমিন, শাহাতদ হোসেন, সদরঘাট থানা সভাপতি মোঃ শাহীন চৌধুরী, যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান, যুব ক্যাব সদস্য সিদরাতুল মুনতাহা, মামুনুল হক, আমজাদুল হক আয়াজ, এমদাদুল ইসলাম, সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, রেয়াজউদ্দীন বাজার বণিক কল্যাণ সমিতি সাধারণ সম্পাতক আব্দুস শুক্কুর, আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী সহ অন্যরা।

বক্তারা বলেন, বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভোক্তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকর তদারকি নিশ্চিত না হলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর আরও নেতিবাচক প্রভাব পড়বে। তারা ঢাকার মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিতে বাধা প্রদানের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বাজারে আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমে বাধা দেওয়া ভোক্তা অধিকার পরিপন্থী এবং দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ।

প্রতিবাদ মিছিল ও প্রচারণা কর্মসুচি শেষে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানের নেতৃত্বে রেয়াজউদ্দীন বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, সরবরাহ পরিস্থিতি ও মূল্যতালিকা পরিদর্শন করেন। এ সময় তারা ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং ভোক্তা অধিকার সংরক্ষণে আইন মেনে চলার আহ্বান জানান।