চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই

Category: ফোকাস Written by Shafiul Azam

মোঃ সাইমন ইসলাম: চট্টগ্রাম বিভাগে স্থানীয় পর্যায়ে সমাজ উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করতে চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি ইউকের সহযোগিতায় বাস্তবায়িত 'পার্টনার্স ফর প্রস্পেরিটি' কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হয়।

আজ রবিবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম নগরের আইএসডিই প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর এম. ফজলুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ক্যাব কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। সঞ্চালনায় ছিলেন প্রকল্প কর্মকর্তা রাইসুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএসডিই এর কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেসী অফিসার রাসেল উদ্দীন, যুব ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান, সোসাইটি ফর সেরিব্রাল পালসি চিলড্রেন ইন ডেভেলপমেন্ট (SOCEP)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি (SDS)-এর সভাপতি ফেরদৌসী বেগম মৌসুমী, মঞ্জিলের প্রতিনিধি ওমর ফারুক মীর, ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ (YVC)-এর কোষাধ্যক্ষ রনি দাশ এবং আইএসডিইর কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া অফিসার মো. সাইমন ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এম ফজলুল করিম বলেন, "স্থানীয় সংগঠনগুলোই সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। তাদের হাতে সরাসরি সহায়তা পৌঁছে দিলে তা দ্রুত মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। 'পার্টনার্স ফর প্রস্পেরিটি' কর্মসূচির মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে চাই। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।"

সভাপতির বক্তব্যে এস এম নাজের হোসাইন বলেন, "'পার্টনার্স ফর প্রস্পেরিটি' শুধু একটি অনুদান কর্মসূচি নয়, এটি স্থানীয় সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম। ছোট ছোট উদ্যোগই একসময় বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। আমরা চাই, এই সহায়তা কাজে লাগিয়ে সংগঠনগুলো তাদের নিজ নিজ এলাকায় দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আনবে।"

অনুষ্ঠানে চারটি সংগঠনের প্রতিনিধিদের হাতে মোট ৫ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে SOCEP-কে ১লক্ষ ৫০ হাজার টাকা দরিদ্র রোগীদের জন্য ফিজিও থোরাপি মেশিন ক্রয়, SDSকে ৩জন উপকারভোগী দরিদ্র নারীর আয়বর্ধক কর্মসংস্থান কাজের জন্য ৯০ হাজার টাকা, মঞ্জিল সংস্থাকে বাকলিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের আসবাব পত্র ক্রয়ের জন্য ১লক্ষ ৫০ হাজার টাকা এবং YVC-কে পূর্ব বাকলিয়া বয়েস স্কুলে আইরন রিমোভাল প্লান্ট স্থাপন করে নিরাপদ পানি সরবরাহের জন্য ১লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, কর্মসূচির আওতায় নির্বাচিত সংগঠনগুলোকে ক্ষুদ্র পরিসরের স্বেচ্ছাসেবামূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই সহায়তা তাদের নিজ নিজ এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।