রাজশাহীতে খরিপ-১ মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা

Category: এগ্রিবিজ এন্ড টেক্ Written by Shafiul Azam

মো: এমদাদুল হক: গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষে খরিপ-১/- ২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহী।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো: ইয়াছিন আলী। এতে রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা, বেসরকারি কৃষি উদ্যোক্তা ও অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় উল্লিখিত জেলার রবি ২০২৫-২০২৬ মৌসুমের কার্যক্রম পর্যালোচনা এবং খরিপ-১/২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা উপস্থাপনা ও বিস্তারিত বিশ্লেষণ আলোচনা করা হয়। এতে কৃষি গবেষণা ইনস্টিটিউট, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএমডিএ, হর্টিকালচার সেন্টার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, বিনা, ফল গবেষণা ইনস্টিটিউট মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে বলেন, “নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদনের মাধ্যমে জমির অপচয় রোধ, কৃষকের অধিক উৎপাদন নিশ্চিত করার চেষ্টা করতে হবে। সারের অপচয় রোধে কৃষকদের সচেতন করতে হবে। সারের অস্বাভাবিক মূল্য নিশ্চিত করতে নিয়মিত ও কার্যকর সার ডিলার ও দোকান মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান সৃষ্টি ও কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে কৃষি কার্যক্রম সম্প্রসারণে সকলে মিলে কাজ করতে হবে। সভায় খাদ্য উৎপাদন, বিপণন ও কৃষির সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়। এই দিনে বিকেল ৩টার সময় মাসিক বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়।