
মোঃ গোলাম আরিফ:বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ০৩ দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাগণের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৩০ মার্চ সকাল ১০ টায় উপপরিচালকের কার্যালয়, পাবনা’র খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, কৃষি প্রযুক্তি বিস্তারে দক্ষতা উন্নয়নের গুরুত্ব অপরিসীম। কারণ এটি আধুনিক জ্ঞান, কৌশল এবং প্রযুক্তি কৃষকের দোড়গোড়ায় পৌঁছে দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি ও ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়তা করে। দেশের কৃষির টেকসই উন্নয়ন, উৎপাদন ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব চাষাবাদ নিশ্চিত করতে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
তিনি আরো বলেন, আমাদের অনেক বেশি স্মার্ট ও সচেতনভাবে আধুনিক প্রযুক্তি, জ্ঞান, আবহাওয়ার খবরগুলো কৃষক পর্যায়ে পৌঁছে দিতে হবে, যাতে ফসলের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। কৃষি বিষয়ক জরুরি তথ্য সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে অধিক গুরুত্ব দিতে হবে। এতে সামগ্রিকভাবে কৃষিখাত লাভজনক হবে, জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। ০৩ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে আহরিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের কৃষিকে সমৃদ্ধ করতে উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে আহবান জানান।