রাজশাহীর চারঘাট উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

মো. এমদাদুল হক: রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখণ্ডি গ্রামে কৃষি মন্ত্রণালয়ের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে ছাড়কৃত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও উপকারভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি (শনিবার) কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-২ অধিশাখার উপসচিব ড. মো. হারুনুর রশীদ চারঘাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আল মামুন হাসানের সঙ্গে উক্ত কার্যক্রমসমূহ পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় উপজেলা কৃষি অফিসার জানান, কৃষি পণ্য উৎপাদন ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতের উন্নয়ন আরও গতিশীল হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদন সক্ষমতা ও আয় বৃদ্ধি পাচ্ছে।

পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), রাজশাহী উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. মোছা. কোহিনুর বেগম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ. এম. আল-আমিন এবং চারঘাট উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফিরোজ মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ ড. মো. আব্দুল মজিদ।

সভায় বক্তব্যকালে ড. মোছা. কোহিনুর বেগম বলেন, আখের গুড় একটি প্রাকৃতিক ও পুষ্টিগুণসমৃদ্ধ মিষ্টি খাদ্য। দেশের গুড় ও চিনির চাহিদা পূরণ এবং আখ চাষকে অধিক লাভজনক করতে আখের আবাদ বৃদ্ধি করা প্রয়োজন। এ লক্ষ্যে বিএসআরআই কাজ করে যাচ্ছে।

পরিদর্শন শেষে উপসচিব ড. মো. হারুনর রশীদ বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে ফসলের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বৃদ্ধি করতে হবে। পাশাপাশি কৃষকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে আধুনিক জাতের ব্যবহার ও রোগবালাই দমন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।