“পুষ্টিতে ভরপুর মাটন, বুদ্ধি হবে তেজি গরম!”

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের আয়োজনে ও কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় ‘Healthy Meat, Healthy Mind: Lamb Nutrition Quiz’ শীর্ষক এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাজশাহীর পবা ও বোয়ালিয়া থানার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

“Up-scaling of small-scale sheep rearing model for lamb production in Barind area” (বরেন্দ্র অঞ্চলে ভেড়া পালনের ক্ষুদ্রায়তন মডেল সম্প্রসারণ) শীর্ষক গবেষণা প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় “পুষ্টিতে ভরপুর মাটন, বুদ্ধি হবে তেজি গরম!” স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে মাংসের পুষ্টিগুণ ও সুস্থ জীবনধারা সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে ৪৭ নং বুথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খড়খড়ি উচ্চ বালিকা বিদ্যালয় ও প্রত্যাশা আইডিয়াল একাডেমির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসরে ৪৭ নং বুথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিহাব উদ্দিন, খড়খড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের সুমাইয়া খাতুন এবং প্রত্যাশা আইডিয়াল একাডেমির সুমাইয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার এবং কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নং বুথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রাসিদা খাতুন, খড়খড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রাবিয়া খাতুন এবং প্রত্যাশা আইডিয়াল একাডেমির চেয়ারম্যান মো. মোবাসির আলী ও অধ্যক্ষ রোটারিয়ান ড. মো. গোলাম মাওলা।

এই কুইজ প্রতিযোগিতা শুধুমাত্র একটি একাডেমিক আয়োজন ছিল না, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সাধারণত পুষ্টি ও কৃষি বিষয়কে পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থাকতে দেখা গেলেও, এই আয়োজন তাকে ভিন্ন মাত্রায় নিয়ে যায়। প্রাণীসম্পদ ও পুষ্টিবিষয়ক জ্ঞানকে মজার ছলে উপস্থাপন করায় শিক্ষার্থীরা উৎসাহের সাথে অংশ নেয়।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, “মাটন বা খাসির মাংস যে শুধু খেতে সুস্বাদু নয়, বরং এটি মেধা ও শারীরিক গঠনের জন্য অত্যন্ত জরুরি এই বার্তাটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কুইজ একটি অসাধারণ মাধ্যম। শিক্ষার্থীরা নিজেরা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মাংসের পুষ্টিগুণ, ভেড়া পালনের আধুনিক পদ্ধতি এবং বরেন্দ্র অঞ্চলের অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে জানতে পেরে অভিভূত।”

প্রকল্প প্রধান অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার তার বক্তব্যে বলেন, “আমরা শুধু গ্রামীণ প্রান্তিক খামারিদের নিয়ে কাজ করছি না; এই প্রকল্পের আওতায় আমরা ভবিষ্যৎ প্রজন্মকৈ সম্পৃক্ত করছি। ‘Healthy Meat, Healthy Mind’—এই ধারণা যদি ছোটবেলা থেকে শিশুদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তারা নিজেরা যেমন সচেতন হবে, তেমনি তাদের পরিবার ও সমাজকেও উদ্বুদ্ধ করবে। আজকের এই কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যে উৎসাহ ও অংশগ্রহণ আমরা দেখলাম, তাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সফল হয়েছি বলে মনে হচ্ছে।”

কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. মো. হেমায়েতুল ইসলাম আরও যোগ করেন, “বরেন্দ্র অঞ্চলের মাটি ও জলবায়ু ভেড়া পালনের জন্য অত্যন্ত উপযোগী। এই প্রকল্পের মাধ্যমে আমরা যেমন উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি, তেমনি ভেড়ার মাংসের (ল্যাম্ব) পুষ্টিগুণ সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ধারণা দিতে চাই। আজকের এই কুইজ তারই একটি অংশ।”

উল্লেখ্য, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) অর্থায়িত এই প্রকল্প বরেন্দ্র অঞ্চলে ভেড়া পালনের একটি টেকসই মডেল তৈরি করতে কাজ করছে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।