
এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর আয়োজনে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের মাঠ দিবস সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চল। সভাপতিত্ব করেন মোহাম্মদ আজিজল হক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাশরুম যেমন একটি পুষ্টিকর খাবার তেমনি এটি চাষ অত্যন্ত সহজ। আবাদি জমি ছাড়াই খড়, পলিথিন ও পানির মত সহজলভ্য উপকরণে চাষ করা যায় বিধায় এটি হতে পারে বেকার যুবক ও নারীদের জন্য একটি লাভজনক পেশা। তিনি আরও বলেন গ্রামের সাধারণ কৃষক থেকে শুরু করে বিভিন্ন উদ্যোক্তাগণ বানিজ্যিকভাবে মাশরুম চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাশরুম চাষীদের সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।
উক্ত মাঠ দিবসে আরও উপস্থিত ছিলেন কামরুন নাহার, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা, নরসিংদী, সুব্রত কান্তি দত্ত, অতিরিক্ত উপপরিচালক(উদ্যান), মোঃ ইমতিয়াজ আলম, অতিরিক্ত উপপরিচালক (পিপি),স্বাক্ষর চন্দ্র বণিক, উপজেলা কৃষি অফিসার,সদর,নরসিংদী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার স্বাক্ষর চন্দ্র বণিক জানান উক্ত প্রকল্পের আওতায় নরসিংদী সদর উপজেলায় মোট তিনটি প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। শীতকালে কৃষকেরা প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ কেজি মাশরুম উত্তোলন করেছেন। প্রতিকেজি মাশরুমের বাজারমুল্য ২৫০-২৮০ টাকা। মাঠ দিবস শেষে কর্মকর্তাগণ কৃষকের মাশরুম চাষ পরিদর্শন করেন।