বরিশাল সদরে মাশরুম চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি উপজেলার পতাং নামক গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএইর হর্টিকালচার উইংয়ের পরিচালক ড. হজরত আলী। বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএই বরিশাল জেলার উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্যহ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোছা. আখতার জাহান কাঁকন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের অতিরিক্ত উপপরিচালক মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক, মাশরুম চাষি মো. শহীদুল ইসলাম প্রমুখ। মাঠ দিবসে স্থানীয় ব্যক্তিসহ দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাশরুম এক ধরনের ছত্রাক। যদিও গ্রামাঞ্চলে কেউ কেউ ব্যাঙের ছাতা মনে করেন। আসলে তা কিন্তু নয়। বনে-জঙ্গলে জন্মানো ছত্রাক অবশ্যই খাওয়ার অযোগ্য। তবে চাষকৃত মাশরুম হালাল সবজি। রয়েছে পুষ্টি আর ভেষজগুণে ভরপুর। তাই ইনডোরে চাষকৃত এই ফসল আমাদের খাদ্যাভাসে অর্ন্তভুক্ত করা দরকার। এতে বাজারে চাহিদা বাড়বে। তাহলে যোগানও বৃদ্ধি পাবে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমেই তা সম্ভব।