নেছারাবাদে কৃষক কার্ড বিতরণ করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

Category: ফারমার্স এন্ড ফার্মিং প্রডাক্টস্ Written by Shafiul Azam

নাহিদ বিন রফিক (বরিশাল): আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পিরোজপুরের নেছারাবাদে প্রধান অতিথি হিসেবে কৃষক কার্ড বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখার উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ক্রপস উইংয়ের অতিরিক্ত পরিচালক মো. মনিরুল ইসলাম, পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম, কৃষক রুহুল আমীন, কিষাণী পপি মজুমদার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কৃষকদের হাতে গাছের চারা ও কৃষক কার্ড তুলে দেন।

কৃষক কার্ডধারীরা ১০ ধরনের সুবিধা পাবেন। এগুলো হলো- ন্যায্য মূল্যে কৃষি উপকরণ। ন্যায্য মূল্যে সেচসুবিধা। সহজ শর্তে কৃষি ঋণ। স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি। সরকারি ভর্তুকি ও প্রণোদনা। মোবাইলে ফসলের চিকিৎসাসুবিধা। কৃষিবিষয়ক প্রশিক্ষণ। মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য। কৃষিবীমার সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা ।

উল্লেখ্য, নেছারাবাদের রাজাবাড়ি ব্লকের ৫ টি গ্রামের ৩ হাজার ৫৫ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। এভাবে আগামী ৪ বছরে ১ কোটি ৬৫ লাখ চাষির হাতে কৃষক কার্ড বিতরণ করবে সরকার। কৃষকের পাশাপাশি মৎস্যচাষি ও দুদ্ধখামারীরাও এই কার্ডের সুবিধা পাবেন। এর অংশ হিসেবে প্রথমবার দেশের ১০ টি স্থানে ২২ হাজার ৬৫ জন কৃষকের কার্ড দেওয়া হলো। আর তা উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।