
এগ্রিলাইফ২৪ ডটকম:গতকাল ৫ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অপরাহ্ণে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার কার্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলামকে ৫ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ অপরাহ্ণ হতে শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার পদে চলতি দায়িত্ব প্রদান করা হলো।
কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম ২০০৬ সালের ৬ নভেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের একান্ত সচিব হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি ২০১১ সালে ডেপুটি রেজিস্ট্রার এবং ২০১৬ সালে এডিশনাল রেজিস্ট্রার হিসেবে পদোন্নতি লাভ করেন। এর আগে তিনি পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার হিসেবে রুটিন দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পেশাজীবী কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
কৃষিবিদ নজরুল বগুড়া জেলার গাবতলী উপজেলায় ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ৫ম ও ৮ম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। ১৯৮৭ সালে গাবতলী পাইলট হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ৩টি বিষয়ে লেটারসহ স্টার মার্কস পেয়ে গাবতলী উপজেলার মধ্যে ১ম স্থান অর্জন করেন। ১৯৮৯ সালে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১ম বিভাগ প্রাপ্ত হন। ১৯৯১ সালে শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় (তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট) এ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেন। ১৯৯৯ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এজি (অনার্স) ডিগ্রী লাভ করেন।
তাঁর রেজিস্ট্রার পদে যোগদানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণ সন্তোষ প্রকাশ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।