রাজশাহী প্রত্যাশা আইডিয়াল একাডেমির বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:আজ রাজশাহী প্রত্যাশা আইডিয়াল একাডেমির প্রাঙ্গণে আনন্দ ও উৎসবের আমেজে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিভার স্বীকৃতি ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে রাজশাহী শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম মহোদয় অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি তার বক্তব্যে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুষম ও উন্নত চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শুধু বইয়ের জ্ঞান নয়, সামগ্রিক শিক্ষাই একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। প্রতিযোগিতামূলক এই আয়োজন তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, দলগত কাজ ও শৃঙ্খলাবোধ তৈরি করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক জনাব মোঃ শামীম হাসান, ডেপুটি কন্ট্রোলার জনাব মঞ্জুর রহমান খাঁন, রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ, পিপি, আরসি রাজশাহী সেন্ট্রাল, রোটারিয়ান সিপি হাসিবুল হাসান নান্নু, আরসি রাজশাহী সেন্ট্রাল এবং রোটারিয়ান জনাব মিজানুর রহমান, প্রেসিডেন্ট, আরসি রাজশাহী সেন্ট্রাল।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল রোটারিয়ান এমডি ফখরুল ইসলাম, আরসি গুলশান, ঢাকার পৃষ্ঠপোষকতায় চারজন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান। এটি শিক্ষার আলো সমাজের সকল স্তরে পৌঁছে দেয়ার একটি মহৎ উদ্যোগ।

রোটারিয়ান এমডি রফিকুল ইসলাম, পিই এবং পিপি রোটারিয়ান ড. মোঃ হেমায়েতুল ইসলাম, আরসি রাজশাহী সেন্ট্রালের সহযোগিতায় একাডেমির সকল শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। এই পুরস্কার শিক্ষার্থীদের জন্য একটি বিরাট প্রেরণার উৎস।

রোটারি ক্লাব রাজশাহী সেন্ট্রালের বিশেষ অনুপ্রফেরনায় ও প্রত্যাশা আইডিয়াল একাডেমির আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল ভবিষ্যৎ দেশনেতা তৈরির প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমাজসেবী এই সংগঠনটি বিশ্বাস করে যে, আজকের মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কর্ণধার। তাদের মেধা শনাক্তকরণ, উৎসাহ প্রদান ও পৃষ্ঠপোষকতা প্রদানের মাধ্যমে একটি আলোকিত ও উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। রোটারি ক্লাবের এই অবদান শুধু ব্যক্তিক উন্নয়ন নয়, সামগ্রিক জাতি গঠনের দিকে এক সুদূরপ্রসারী বিনিয়োগ।

অনুষ্ঠানে একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি, প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজক কমিটি সকল অতিথি, পুরস্কার দাতা ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতেও এমন সৃজনশীল ও উদ্দীপনামূলক আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।