ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) যথাযথ মর্যাদার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ইনস্টিটিউটের গাজীপুর সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে সকালে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শহিদদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর একটি প্রভাত ফেরি ব্রির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রির পক্ষে পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানমসহ বিভাগীয় প্রধানগণ। পরে ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন, বি আর আর আই উচ্চ বিদ্যালয় এবং ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা)।

ব্রির আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির আহবায়ক ড. মো. ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম। এসব কর্মসূচিতে ফলিত গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির সদস্য-সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ, সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিকবৃন্দ এবং ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বি আর আর আই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে ব্রির পরিচালক (গবেষণা) এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালিকা উন্মোচন করেন। এই সময় পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম দেয়ালিকা উন্মোচনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

পরে বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া ভাষা শহিদদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করে ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।