নরসিংদী ও ঈশ্বরদীর ধর্ষণ–হত্যা, বাকৃ‌বি‌তে জোরালো প্রতিবাদ

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধিঃ নরসিংদী ও পাবনার ঈশ্বরদীতে পৃথক দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। আজ (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি দেবদারু সড়ক ও ছাত্রী হল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে কে আর মার্কেটে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায়ের সভাপতিত্বে ও সহসম্পাদক জাবের ইসলানের সঞ্চালনায় সমাবেশে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সমাবেশে বক্তারা জানান, নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের পর বাবার সামনে থেকে অপহরণ করে পুনরায় ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। বিচার দাবি করতে গেলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেওয়া হয়। ক্ষমতা ও প্রভাব অনেক ক্ষেত্রে অপরাধীদের রক্ষাকবচ হয়ে দাঁড়াচ্ছে।

তারা আরও বলেন, ঈশ্বরদীতে আরেক কিশোরীকে ধর্ষণ ও হত্যার পাশাপাশি তাঁর বৃদ্ধ দাদীকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই দুই ঘটনা প্রমাণ করে, দেশে ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির ফল। অনিশ্চিত বিচারপ্রক্রিয়া, আইনশৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা এবং প্রভাবশালীদের আশ্রয়ে অপরাধীদের পার পেয়ে যাওয়ার প্রবণতাই এমন বর্বরতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

সভাপতি সঞ্জয় রায় বলেন, সরকার পরিবর্তন হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির মৌলিক উন্নতি হয়নি। মূল্যবোধের অবক্ষয়, সামাজিক নিরাপত্তার ঘাটতি এবং আইন প্রয়োগকারী সংস্থার নিষ্ক্রিয়তা নারীদের চরম অনিরাপত্তার মধ্যে ঠেলে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, গ্রাম কিংবা শহর কোথাও নারীর নিরাপত্তা নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, ধর্ষণ বিচারহীনতা ও সামাজিক অবক্ষয়ের নির্মম বহিঃপ্রকাশ। অতীত ও বর্তমান বিভিন্ন সময়ে সংঘটিত ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। আমরা অবিলম্বে এর সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সংগঠিতভাবে প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি জানাচ্ছি।