পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে রংপুর জেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

বাকৃবি প্রতিনিধি: পবিত্র রমজানের মহিমায় নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর রংপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সুস্থতা কামনা এবং বিশ্ববিদ্যালয়কে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত রাখার জন্য বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাকৃবির কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এছাড়াও পাঁচ শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অধ্যাপক ড. মো. মকবুল হোসেন বলেন, রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এ মাসে আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল করেছেন। এই মাসে কোনো ভালো কাজের ফজিলত আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। এছাড়া এ মাসে আল্লাহ তায়ালা সওয়াবের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে সফল হতে আমাদের সকলেরই পবিত্র কোরআন বুঝে বুঝে তিলাওয়াত করা উচিত।

এ সময় রংপুর সমিতির মো. মেজবাউল হক মিজু বলেন, “আমরা বৃহত্তর রংপুরের পাঁচটি জেলার শিক্ষার্থী, কর্মকর্তা এবং শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আজ একত্রিত হয়ে ইফতার সম্পন্ন করেছি। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেছি। বৃহত্তর রংপুরের মানুষ সব সময় একে অপরের পাশে থাকে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়। আশা করি, বৃহত্তর রংপুর সমিতির শিক্ষার্থীরা সব সময় সবার পাশে থাকবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।”