
বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউটের নিয়মিত প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং পরিচালনায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটসের সম্মাননা পুরস্কার ও মেডেল পেয়েছেন বাকৃবির রোভার স্কাউট সম্পাদক ড. মো. জহিরুল আলম।
রবিবার (৮ মার্চ) ঢাকার জাতীয় সদর দপ্তরের শামস হলে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিএসসি’র মাননীয় সদস্য ডা. মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে মোট ২৫ জনকে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে ড. মো. জহিরুল আলম বলেন, “আমি খুবই আনন্দিত ও গর্বিত। বাকৃবি রোভার স্কাউট গ্রুপকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে দেশ ও বহির্বিশ্বে অনন্য অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই সম্মাননা পুরস্কার আমার কর্মস্পৃহাকে আরও বাড়িয়ে দেবে।”