অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত সওয়াব ও মানবিক কাজ-সিকৃবি ভিসি

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

সিকৃবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেছেন, অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত সওয়াব ও মানবিক কাজ । রমজান মাসে দান-সদকা, যাকাত ও ইফতারের আয়োজন করার মাধ্যমে ধনীরা দরিদ্রের কষ্ট লাঘব করতে পারে। যা সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধি করে । সাহরি ও ইফতারে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাহায্য করলে আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভ করা যায়। এই পবিত্র মাসে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা আল্লাহকে সন্তুষ্ট করার একটি অন্যতম মাধ্যম।

আজ ১৩ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট নগরীর বালুচরস্থ শেখ মনির উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে এবং বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থা, আল - ইসলাহ একতা কল্যাণ সংস্থা এবং জোনাকি সামাজিক সংস্থা এর যৌথ আয়োজনে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি'র ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। এতে সভাপতিত্ব করেন শেখ মোঃ শফিক উদ্দিন ।

অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ১০০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।