সিভাসু’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

সিভাসু প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর শহিদ মিনারে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সিভাসু পরিবারের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্যের পর বিভিন্ন অনুষদ, শিক্ষক সমিতি, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন ‘সোনালী দল’, অফিসার সমিতি এবং কর্মচারী ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এ ছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় সিভাসু জামে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত।