চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সবুজ জ্বালানী বিষয়ক প্রচারণা কর্মসুচির আওতায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

এগ্রিলাইফ২৪ ডটকম:চট্টগ্রাম, ১৪ এপ্রিল, ২০২৬: সৌর ভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি, পানি ও বায়ু বিদ্যুতের মতো প্রাকৃতিক উৎস থেকে উৎপাদিত জ্বালানী যা সবুজ জ্বালানী নামে পরিচিত জ্বালানী ব্যবহার বাড়ানো ও এ বিষয়ে তরুন প্রজন্মকে সচেতন করতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সবুজ জ্বালানী বিষয়ক প্রচারণা কর্মসুচির আওতায় চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটস্থ এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল ২০২৬ বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, 'ক্লিন' এবং 'বিডব্লিউজিইডি'-এর উদ্যোগে আয়োজিত এ প্রচারণা কর্মসূচিতে বিদ্যালয়ের বিপুল পরিমান শিক্ষার্থী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

নুতন প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীরা সৌর, পানি ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব ও পরিবেশ সুরক্ষায় সকল মহলের ভূমিকা নিয়ে রচনার মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রকাশ করেন এবং চিত্রাঙ্কনের মাধ্যমে বিষয়টি ফুটিয়ে তোলেন।

প্রচারণা কর্মসুচির অংশহিসাবে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যাব চট্টগ্রাম ক্যাব বিভাগীয় সংগঠক রাসেল উদ্দীনের সঞ্চালনায় এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালেয়র প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ লায়ন ওসমান সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, দৈনিক পূর্বদেশের বার্তা প্রধান আবু মোশারফ রাসেল, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চান্দগাও থানা সভাপতি মোঃ জানে আলম, আইএসডিই বাংলাদেশের প্রজেক্ট অফিসার রাইসুল ইসলাম, এডমিন অফিসার আবদুল মান্নান জিহাদ প্রমুখ।

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই এর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, বৈশ্বিক যুদ্ধসহ নানা কারণে জ্বালানী নিরাপত্তা আজকে হুমকির সম্মুখীন। সেকারণে প্রাকৃতিক উৎস থেকে জ্বালানী সরবরাহের বিষয়ে সক্ষমতা বাড়াতে সরকারকে যে রকম উদ্যোগী হতে হবে, সাধারণ জনগনকেও এগিয়ে আসতে হবে। এ জন্য সবুজ জ্বালানীর সক্ষমতা বাড়াতে জনসচেতনতার বিকল্প নাই। আর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য হলো, তরুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব সবুজ জ্বালানির ব্যবহার সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা।

দৈনিক পূর্বদেশের বার্তা প্রধান আবু মোশারফ রাসেল বলেন, আজকের শিক্ষার্থীরা জাতির ভবীষ্যত সেকারণে তাদের মাঝে টেকসই জ্বালানী নিয়ে এধরনের আয়োজন আরও বেশী হওয়া দরকার। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও বাড়ানো হলে জাতি উপকৃত হবে।

প্রচারণা কর্মসুচি শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।