
সিভাসু প্রতিনিধি: আজ ১৪ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উদযাপন করা হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩।
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে নববর্ষের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন। সভা সঞ্চালনা করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।
আলোচনাসভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে এই দেশ এবং জাতির ভাগ্যের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি একসাথে কাজ করতে পারি, তাহলে আমাদের এই দেশ আগামী প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।’
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল নববর্ষের ব্যানার প্রদর্শন এবং আপ্যায়ন।