
শেকৃবি প্রতিনিধি: রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) “লিঙ্গ সমতা পরিকল্পনা বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) কাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলার সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধনী পর্বে সীড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ড. নাজনীন সুলতানা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন "MAGENDA" প্রকল্পের ম্যানেজার অধ্যাপক ড. এম. মিজানুল হক কাজল। এছাড়া গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নারীর নেতৃত্ব বিকাশ সাধন এবং বিশ্ববিদ্যালয়ে নীতি প্রনয়ণ বাস্তবায়নে নারীর অধিকতর অংশ গ্রহণ নিশ্চিত করা। এই প্রকল্পে বাংলাদেশের ৩টি ও বিশ্বের ৮টি বিশ্ববিদ্যালয়সহ মোট ১১ টি বিশ্ববিদ্যালয় এক যোগে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবারের মধ্য থেকেই লিঙ্গ সমতা চর্চা শুরু করা জরুরি। পরিবারের কর্তা যদি কর্ত্রীকে সম্মান করেন, তবে সন্তানরা বিশেষ করে ছেলেরা নারীদের সম্মান করতে শিখবে। তিনি আরও বলেন, পারিবারিক পরিবেশে নারীর মতামতের মূল্যায়নই একজন নারীর উন্নয়নের পথ সুগম করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক।
কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিল্পী কুন্ড সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রাচীনকাল থেকেই নারীরা কৃষিকাজের সূচনায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৪৮ শতাংশ এবং মেয়ে ৫২ শতাংশ, যা লিঙ্গ সমতা অর্জনের একটি ইতিবাচক দৃষ্টান্ত।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।