শেকৃবি’তে “ই-নথির মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন জোরদার” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by Shafiul Azam

শেকৃবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এ “Hands-on Training on Strengthening Good Governance in Higher Education Institutions through E-Nothi: Transparency, Efficiency and Accountability” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ডিজিটাল সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (IQAC)-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও অনুষদের মোট ২৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দপ্তরগুলোর মধ্যে ছিল উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের কার্যালয়, কৃষি অনুষদ, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ, এনিম্যাল সায়েন্সেস এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স অনুষদ, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদ, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অফিস, ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিস, শিক্ষা ও বৃত্তি শাখা, পরিষদ শাখা, অডিট সেল এবং অর্থ ও হিসাব শাখা।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি তার বক্তব্যে বলেন, “প্রতিটি প্রশিক্ষণই নতুন জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অফিসিয়াল কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে ই-নথির মাধ্যমে পরিচালনা করতে সক্ষম হবেন, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।

আইকিউএসি’র তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, এনিম্যাল সায়েন্সেস এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মোঃ জাহাঙ্গীর আলম, ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, আইসিটি বিভাগের পরিচালক অধ্যাপক ড. জামিলুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ই-নথি ব্যবস্থাপনার ব্যবহারিক দক্ষতা অর্জনের পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে কার্যকর ভ‚মিকা রাখতে সক্ষম হবেন।