
এগ্রিলাইফ২৪ ডটকম: ২৪/০২/২০২৬ মঙ্গলবার কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয় ,ঢাকা এর উদ্যোগে কৃষিতে তরুণ উদ্যোক্তাদের করনীয় ও সম্ভাবনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ উদ্বোধন করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মোঃ মসীহুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সময়ে কৃষি খাত বহুমাত্রিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফসল উৎপাদনের পাশাপাশি কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণে দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। তথ্য প্রযুক্তির ব্যবহার , জলবায়ু সহনশীল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করে তিনি তরুণদের উদ্ভাবণী উদ্যোগ গ্রহনের আহবান জানান।
প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন ছাড়া টেকসই সাফল্য সম্ভব না। এ ধরণের প্রশিক্ষণ তরুণদের সক্ষমতা বৃদ্ধি, পরিকল্পিত বিনিয়োগ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়ক ভুমিকা রাখবে। এসময় তিনি কৃষকদের সঠিক তথ্য প্রাপ্তির জন্য কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন ই- উদ্যোগ সমূহ সম্পর্কে অবগত করেন এবং কৃষি কল সেন্টার নাম্বার ১৬১২৩ এ কল করে কৃষি বিষয়ক যে কোন পরামর্শ নিতে উদ্যোক্তাদের আহ্বান জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,ধামরাই এর সার্বিক সহযোগিতায় আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন ডঃ সৈয়দ মোহাম্মদ মহসীন,সহযোগী অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,ঢাকা, মোছাঃ শামীমা খাতুন, উপজেলা কৃষি অফিসার (এল আর), গ্যাপ ইউনিট,সরেজমিন উইং, খামারবাড়ি,ঢাকা, মোঃ আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার ,ধামরাই,ঢাকা। এসময় কৃষকদের খামারি এপস এর ব্যবহার , বালাইনাশক পরিচিতি ও রোগ দমন ব্যবস্থাপনা, নিরাপদ সবজি উৎপাদনে গ্যাপ বাস্তবায়নের কৌশল ও কৃষি পণ্য রপ্তানি প্রক্রিয়া ও ডকুমেন্টেশন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন সাবরিনা আফরোজ, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস,ঢাকা অঞ্চল। প্রশিক্ষণে ধামরাই উপজেলার ৩০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
























