পাবনায় আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ গোলাম আরিফঃ “বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প” এর আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ০১ মার্চ ২০২৬ সকাল ১০ টায় উপপরিচালকের কার্যালয়, পাবনা খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, পেঁয়াজ অতি গুরুত্বপূর্ণ অর্থকরী মসলা ফসল। পেঁয়াজ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এটি পুষ্টি ও ঔষধি গুণে সমৃদ্ধ একটি অপরিহার্য ফসল। আমরা জানি পেঁয়াজ সংগ্রহের সময় এর বাজার মূল্য কম থাকে। এতে জলীয় অংশের পরিমাণ বেশি থাকায় দেশীয় পদ্ধতিতে বেশিদিন সংরক্ষণ করা যায় না। পচে নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ করতে হবে। পেঁয়াজ সংরক্ষণের ‘এয়ার ফ্লো প্রযুক্তি’ হলো একটি আধুনিক পদ্ধতি। এ প্রযুক্তিতে পেঁয়াজের স্তূপ বা গাদার ভেতর এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে ধারাবাহিকভাবে নিয়ন্ত্রিত বাতাস প্রবাহিত করা হয়। এতে তাপমাত্রা ও আর্দ্রতা কম থাকে এবং পেঁয়াজ বেশি দিন ভালো থাকে। মেশিনটি চালু থাকলে ব্লোয়ার থেকে বাতাস চারদিকে ঘুরে। এতে পেঁয়াজ শুকনো রাখে, তাপমাত্রা কমায়, আর্দ্রতা বের করে ছত্রাক, পচা, গলা ও নরম হওয়া কমায়। এই প্রযুক্তি ব্যবহারের ফলে সাধারণ পদ্ধতির তুলনায় ৯ মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব। কৃষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমাদের স্বাস্থ্য বিবেচনায় নিরাপদ ফসল উৎপাদন করতে হবে। মাটির স্বাস্থ্য সংরক্ষণে মাটিতে জৈব্য সার ব্যবহার ও মাটি পরীক্ষা এবং খামারি এ্যাপ ব্যবহার করে সার প্রয়োগ করতে হবে।

অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম এর সঞ্চালনায় দিনব্যাপি প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক; জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম; অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নুরে আলম; অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মাহফুজুর রহমান পেঁয়াজ উৎপাদনের আধুনিক কলাকৌশল, পেঁয়াজ সংরক্ষণে সার প্রয়োগের ভূমিকা, রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা, ফসল সংগ্রহ এবং এয়ার ফ্লো মেশিনে পেঁয়াজ সংরক্ষণের প্রতিটি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে পাবনা জেলার বিভিন্ন উপজেলার ৬০ জন প্রগতিশীল পেঁয়াজ চাষী অংশগ্রহণ করেন।