এগ্রিলাইফ২৪ ডটকম:খুলনার দাকোপ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় উপকূলীয় অঞ্চলে আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণে কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দাকোপ উপজেলার কৈলাশগঞ্জে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দীন মিঠু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্রপস উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম, ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ শফিকুল ইসলাম, কৃষিবিদ শিউলী মজুমদার, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার রতন কুমার সরকার এবং কৃষিবিদ এস. এম. ফেরদৌস।
দিনব্যাপী প্রশিক্ষণে গোলপাতার রস সংগ্রহের আধুনিক কৌশল, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে গোলপাতার গুড় উৎপাদন, সংরক্ষণ, সম্প্রসারণ এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হবেন এবং নিরাপদ ও মানসম্মত গোলপাতার গুড় উৎপাদনের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি পাবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে গোলের গুড় সংগ্রহ, তৈরি, সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্টস বিতরণ করা হয়।



