কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে দক্ষতা বৃদ্ধিতে বাকৃবিতে শিক্ষকদের কর্মশালা

প্রযুক্তি
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকদের পাঠদান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে 'পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার' শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের জন্য এ ধরনের কর্মশালা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী বছর এ কর্মশালার পরিধি আরও বাড়িয়ে সিনিয়র শিক্ষকদের পাশাপাশি জুনিয়র শিক্ষকদেরও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা যেতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশিক্ষণ। আমারও এখানে শেখার অনেক কিছু রয়েছে। তবে অনেক সময় শোনা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহারে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি ও জ্ঞানচর্চা ব্যাহত হচ্ছে। অনেকেই নিজে কাজ না করে অ্যাসাইনমেন্ট তৈরিতে এআইয়ের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। আমি আশা করি, এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান আপনারা পাঠদান ও গবেষণায় কাজে লাগাবেন এবং এটি আপনাদের গবেষণার মানোন্নয়ন ও জ্ঞানসমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।