শেকৃবি প্রতিনিধি:বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ সরকারের প্রতিপাদ্য “প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এবং জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রতিপাদ্য “Inspired by Nature. For Climate. For Our Future”–কে সামনে রেখে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬০তম ব্যাচ এবং নটর ডেম কলেজের ৯৯তম ব্যাচের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধানের ওপর জোর দেওয়া এবং একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা। এই বৃক্ষরোপণ কর্মসূচি সেই বৃহত্তর উদ্যোগেরই একটি ক্ষুদ্র প্রয়াস।”
তিনি আরও বলেন, “শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬০তম ব্যাচ এবং নটর ডেম কলেজের ৯৯তম ব্যাচের শিক্ষার্থীরা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, তার জন্য আমি তাদের আন্তরিক সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”
এ সময় উপস্থিত ছিলেন কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, এস্টেট উইং-এর দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুল হামিদসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬০তম ব্যাচ এবং নটর ডেম কলেজের ৯৯তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।



