কৃষিবিদ ডা. পারভেজের ওপর হামলা ও শাস্তির দাবিতে হাবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ

কৃষিবিদ ও ক্যাম্পাস
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ক্যাম্পাস ডেস্ক:কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ করায় কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতৃবৃন্দ।

জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কেআইবি কেন্দ্রিক ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ নিয়ে প্রতিবাদ জানানোর পর গত ৪ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। পরে ১৬ জুন হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কৃষিবিদ সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এরই প্রতিবাদে আজ রোববার (২৮ জুন) হাবিপ্রবি ক্যাম্পাসে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব), বিভিএসএ এবং ভেটেরিনারি অনুষদ ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ভ্যাব হাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মীর রওশন আক্তার, সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মিঠু, অধ্যাপক ড. নাজমুল হাসান পারভেজ এবং ডা. আহসান হাবিব হেলাল।

সমাবেশে ভ্যাব হাবিপ্রবি শাখার সভাপতি অধ্যাপক ড. মীর রওশন আক্তার বলেন, ‘ডা. শাহাদাত কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি বাকৃবি ক্যাম্পাস, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং পরবর্তীতে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের মতো গুরুত্বপূর্ণ সংগঠনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর ওপর এমন বর্বরোচিত হামলা আমাদের কল্পনারও অতীত।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা সবাই দেখেছি কারা এ হামলায় জড়িত ছিল। আমরা হাবিপ্রবি শাখার সকল পেশাজীবী ভেটেরিনারিয়ান, শিক্ষার্থী ও ছাত্রদলের সদস্যরা একই পতাকার নিচে দাঁড়িয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।’

ভ্যাবের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান মিঠু বলেন, ‘আমরা কোনো আনুষ্ঠানিকতা পালনের জন্য এখানে দাঁড়াইনি; দাঁড়িয়েছি আমাদের ক্ষোভ প্রকাশ করতে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সবার মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু কোনোভাবেই একজন মানুষের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা চালানো গ্রহণযোগ্য নয়। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’