চাকরির পরিবর্তে কৃষি উদ্যোক্তা হোন, নিজেই প্রতিষ্ঠান গড়ে তুলুন-শেকৃবি’র ওরিয়েন্টেশন-২০২৬ এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফোকাস

শেকৃবি প্রতিনিধি:শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হোন, নিজেই প্রতিষ্ঠান গড়ে তুলুন। এতে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।"

তিনি আরও বলেন, "যারা খাদ্য উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত, তারাই দেশের শ্রেষ্ঠ মানুষ। প্রিয় নবীন শিক্ষার্থীরা, দেশকে ভালোবাসুন এবং দেশের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগান।"

আজ ২৬ জুলাই ২০২৬ (রবিবার) সকাল ৯:০০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব আনিছুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মোঃ আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলাম সুলতান, চার অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিবেশ, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে। একই সঙ্গে উচ্চশিক্ষা, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দেশ ও কৃষির উন্নয়নে কার্যকর ভ‚মিকা পালনের জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুর ২:৩০টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ‘বাংলাদেশে কৃষি গ্র‍্যাজুয়েটদের সম্ভাবনা’ বিষয়ে আলোচনা করেন। পরে বিকেল ৩:০০টায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘সপ্তক’-এর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।