মো. এমদাদুল হক:আজ ১৪ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে “Inter-sectoral Planning and Investment Prioritization Processes” শীর্ষক উপ-জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিবেশ অধিদপ্তরের (DoE) Building Climate Resilient Livelihoods in Vulnerable Landscapes in Bangladesh (BCRL) প্রকল্পের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল রাজশাহীর অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বিসিআরএল প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রকল্পের কম্পোনেন্ট পরিচালক (ডিএই অংশ) ড. এম. লোকমান হোসাইন মজুমদার।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. জহির রায়হান। এতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তঃখাত সমন্বয়, পরিকল্পনা প্রণয়ন এবং বিনিয়োগের অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৃষি, পানি, পরিবেশ, মৎস্য, প্রাণিসম্পদ, স্থানীয় সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতের সমন্বিত পরিকল্পনা ও বিনিয়োগ এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। গুরুত্বপূর্ণ সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জলবায়ু সহনশীল কৃষি ও টেকসই জীবিকা গড়ে তুলতে আন্তঃখাত সমন্বয় অপরিহার্য। কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল গ্রুপ ওয়ার্ক, যেখানে অংশগ্রহণকারীরা দলভিত্তিক বিভিন্ন বিষয়ের ওপর সুপারিশ প্রণয়ন করেন। কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন বিপণণ ও বিভিন্ন বিষয়ের আলোচনা ছাড়াও খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নতুন পুরাতন বিষয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।



