মোঃ গোলাম আরিফ:পাবনা’য় ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে ০৩ দিনব্যাপী ফল মেলা ২০২৬ শুরু হয়েছে। ২৪ জুন ২০২৬ পাবনা সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাব পাবনা’র সভাপতি আখতারুজ্জামান আখতার, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, মাননীয় সংসদ সদস্য এর প্রতিনিধি এ কে এম মূসা, পার্টনার প্রকল্পের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ, পাবনা সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম প্রমূখ। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টলে প্রদর্শিত প্রচলিত, অপ্রচলিত বাহারি রকম ফল, প্রযুক্তি ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে কৃষক-কৃষাণীদের মাঝে ফলের চারা বিতরণ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পাবনা আয়োজিত এ মেলায় ৮টি স্টলে আম্রপালি, বারি-৪, ফজলি, ব্যানানা, চ্যাংমায়, সূর্যডিম, কার্টিমন সহ বিভিন্ন জাতের আম, আমড়া, লটকন, ত্বিনফল, ননীফল, জামরুল, বাতাবি লেবু, সীডলেস লেবু, পেয়ারা, কাঁঠাল, শরিফা, ড্রাগন, পেঁপে, কলা, ডেউয়া, গাব, আঁশফল, সফেদা, চালতা, আঙ্গুর, করমচা, কমলা, মাল্টাসহ স্থানীয় বিভিন্ন রকমের ফল ও প্রযুক্তি সাজানো রয়েছে এবং সকল ফলের পুষ্টগুণ ও চাষাবাদ সম্পর্কে বিনামূল্যে প্রকাশনা বিতরণ এবং ভিডিও প্রদর্শন করো হচ্ছে। আগামী ২৬ জুন ২০২৬ পর্যন্ত মেলার কার্যক্রম চলমান থাকবে।
ফল মেলার উদ্দেশ্যে হলো দেশীয় প্রচলিত ও অপ্রচলিত ফলের পরিচিতি, দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকসহ আগ্র্র্র্রহীদের আধুনিক চাষাবাদ ও ফল সংরক্ষণে উৎসাহিত করা।





















