বাকৃবিতে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার ইভেনিং

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিদেশি শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ‘ইফতার ইভেনিং-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা। সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের আবাসিক বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের বাকৃবি শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন। এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় অর্ধশতাধিক নেপালি শিক্ষার্থীসহ হলের প্রথম বর্ষের শিক্ষার্থীরা ইফতারে অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বক্তারা রমজানের তাৎপর্য, শিক্ষার্থীদের নৈতিকতা ও ইসলামী সংস্কৃতি নিয়ে বক্তব্য প্রদান করেন। ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সুস্থতা কামনা এবং বিশ্ববিদ্যালয়কে সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখার জন্য বিশেষ দোয়া করা হয়।

ছাত্রশিবিরের বাকৃবি শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বলেন, পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। এ মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদেরকে নিবেদিত রাখতে হবে এবং ইসলামী আদর্শ ও সংস্কৃতি জীবনে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, দূরদেশ থেকে পরিবার ছেড়ে ক্যাম্পাসে অবস্থান করায় বিদেশি শিক্ষার্থীরা অনেক সময় একাকীত্ব অনুভব করেন। সেই বিষয়টি বিবেচনায় রেখেই শাহজালাল হলের নেপালি শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।