আশা ইউনিভার্সিটিতে বেসিক লাইফ সাপোর্ট (CPR) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রযুক্তি
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

এগ্রিলাইফ২৪ ডটকম: আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর জনস্বাস্থ্য বিভাগের (Public Health) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক বিশেষ 'বেসিক লাইফ সাপোর্ট' বা 'কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (CPR)' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC)-এর ৫ম তলায় (৪র্থ ফ্লোর) এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD)-এর একটি বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষক দল এই কর্মশালাটি পরিচালনা করেন। NICVD-এর পরিচালক ও অধ্যাপক ডা: মীর জামাল উদ্দিন-এর নির্দেশনায় এবং কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা: মো: তৌফিকুর রহমানসহ মোট ৯ জন অভিজ্ঞ ট্রেইনার ও ১ জন সহযোগী স্টাফ এই সেশনে সরাসরি অংশ নেন এবং হাতে-কলমে জীবন রক্ষাকারী এই পদ্ধতি প্রদর্শন করেন।

জরুরি মুহূর্তে হৃদরোগে আক্রান্ত বা অচেতন কোনো মানুষের জীবন বাঁচাতে কীভাবে দ্রুত প্রাথমিক পদক্ষেপ হিসেবে সঠিক নিয়মে CPR প্রদান করতে হয়, তা অত্যন্ত চমৎকারভাবে ও প্রাতিষ্ঠানিকভাবে এই কর্মশালায় শেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোছা: জিনাত তারা এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই এই আয়োজনে অংশ নিতে সকলকে বিশেষভাবে আহ্বান জানিয়েছিলেন।

কর্মশালায় অংশ নেয়া ডাক্তারবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. রেজাউল করিম মহোদয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের বাস্তবমুখী ও জীবন রক্ষাকারী প্রশিক্ষণ কর্মশালা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।